লক্ষ্মীপুরে ভাতিজিকে স্কুল দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল চাচার
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় মোটরসাইকেলে ভাতিজিকে বিদ্যালয়ে নিয়ে যাওয়ার পথে বাসচাপায় প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি। আজ সোমবার সকালে লক্ষ্মীপুর-রায়পুর মহাসড়কের বাসাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় নিহত ব্যক্তির স্কুলপড়ুয়া ভাতিজিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত আবদুর রহিম (৩৫) উপজেলার চর মোহনা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাবুরহাট এলাকার বাসিন্দা। তাঁর ভাতিজি সুমি আক্তার স্থানীয় কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তাকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুল আলী জানান, আবদুর রহিম মোটরসাইকেলে তাঁর বড় ভাইয়ের মেয়ে সুমিকে বিদ্যালয়ে নিয়ে যাচ্ছিলেন। পথে শতাব্দী পরিবহন নামের যাত্রীবাহী একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।