লক্ষ্মীপুরে মাদ্রাসাছাত্রীকে হত্যায় চারজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালত
প্রতীকী ছবি

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় বিয়েতে রাজি না হওয়ায় এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের চেষ্টা ও হত্যার দায়ে চার আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়। আজ বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন রায়পুর পৌরসভার দেনায়েতপুর এলাকার মো. আনোয়ার হোসেন ওরফে কাইলা, একই এলাকার আঁখি আক্তার, হুমায়ুন কবির ও উপজেলার বামনী গ্রামের মো. বাহার। তাঁদের মধ্যে হুমায়ুন ও মো. বাহার পলাতক।

আদালত সূত্রে জানা যায়, মেয়েটি স্থানীয় একটি মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল। পরীক্ষা শেষে ২০১৬ সালের ১১ ডিসেম্বর বিকেলে বাসায় ফেরার পথে তাকে হত্যা করা হয়। পরদিন মেয়েটির লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মেয়েটির মা বেগম বাদী হয়ে থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে রায়পুর থানায় হত্যা মামলা করেন। অভিযান চালিয়ে ১৭ ডিসেম্বর আঁখি ও হুমায়ুন নামের দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। ১৮ ডিসেম্বর ঘটনার কথা স্বীকার করে ১৬৪ ধারায় তাঁরা আদালতে জবানবন্দি দেন। তাদের তথ্যের ভিত্তিতে বাকি দুজনকে গ্রেপ্তার করা হয়। ২০১৬ সালের ১৮ জুন পুলিশ আদালতে মামলার অভিযোগপত্র দাখিল করে।

মামলার আসামিপক্ষের আইনজীবী শাকিল পাটওয়ারী বলেন, ‘মামলার রায়ে আমরা সন্তুষ্ট নই। আমরা রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।’

লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন দণ্ডের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন।