লক্ষ্মীপুরে যুবলীগের নেতাকে কুপিয়ে হত্যা করল ডাকাতেরা
লক্ষ্মীপুর সদর উপজেলায় মনির হোসেন (৩৫) নামের যুবলীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে ডাকাত দল। এ সময় তাঁর স্ত্রী মিলন বেগমকে কুপিয়ে জখম করা হয়। আজ শুক্রবার ভোরে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের আন্ধারমানিক গ্রামে এ ঘটনা ঘটে।
আহত মিলনকে সকালে উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিহত মনির তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ও আন্ধারমানিক গ্রামের আলী আহম্মদ বাসুর ছেলে। পেশায় তিনি ইটভাটার মাটির সরদার ছিলেন। তাঁর এক মেয়ে ও তিন ছেলে রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মনির মাটি ব্যবসায়ী ছিলেন। তিনি বিভিন্ন ইটভাটায় মাটি বিক্রি করতেন। বৃহস্পতিবার ইটভাটার এক মালিক মাটির জন্য তাঁকে দুই লাখ টাকা দেন। মনিরের নতুন বাসা হওয়ায় বাইরে কলাপসিবল গেট থাকলেও ভেতরের দরজা এখনো লাগানো হয়নি। শুক্রবার ভোররাতে মই দিয়ে ডাকাত দল বাসার ছাদে ওঠে। পরে তারা বাসায় ঢুকে পরিবারের সদস্যদের বেঁধে ফেলে। একপর্যায়ে মনির ও মিলনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে তারা। এ সময় মনিরের ব্যবহৃত মোটরসাইকেল, দুই লাখ টাকা ও ঘরে থাকা স্বর্ণালংকার নিয়ে যায় ডাকাত দল। পরে পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয় লোকজন এসে আহত ব্যক্তিদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে যাওয়ার পথে মনির মারা যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে আহত মিলনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজিজুর রহমান মিয়া বলেন, ডাকাতি করতে এসে মনিরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।