লক্ষ্মীপুরে শিশুকে ধর্ষণের পর হত্যা মামলার রায় আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালত
প্রতীকী ছবি

লক্ষ্মীপুরের রামগঞ্জের আট বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা মামলার রায় আজ মঙ্গলবার। গত ২২ সেপ্টেম্বর আলোচিত এই হত্যা মামলায় রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি-তর্ক শেষ হয়। পরে লক্ষ্মীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিরাজুদ্দৌলাহ কুতুবী আজ রায়ের দিন ধার্য করেন।

আদালতসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই মামলায় ১৩ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। পরে মামলার বাদী ও আসামিপক্ষের আইনজীবীদের যুক্তি-তর্ক উপস্থাপিত হয়। ভুক্তভোগী পরিবারের প্রত্যাশা, এ মামলায় তাঁরা ন্যায়বিচার পাবেন। আসামিদের সর্বোচ্চ শাস্তি হবে।

মামলার সংক্ষিপ্ত বিবরণী সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২৩ মার্চ দুপুরে আইসক্রিম খাওয়ানো ও টিভি দেখার কথা বলে শাহ আলম ওরফে রুভেল (৩০) ওই শিশুকে তাঁর বাসায় নিয়ে যান। শাহ আলমের বাড়ি একই উপজেলায়। বাড়িতে ডেকে নিয়ে ওই শিশুকে ধর্ষণ করেন শাহ আলম। একপর্যায়ে তাঁকে শ্বাস রোধ করে হত্যা করা হয়।

ঘটনার তিন দিন পর ২৬ মার্চ ওই শিশুর বস্তাবন্দী অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের একটি ব্রিজের নিচ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের পর জানা যায়, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

ঘটনার পর নিহত ব্যক্তির মা বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে রামগঞ্জ থানায় একটি মামলা করেন। ওই সময় হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে লক্ষ্মীপুরের রামগঞ্জ, ঢাকা প্রেসক্লাব, চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় মানববন্ধন করেছেন ক্ষুব্ধ লোকজন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের আদালতের রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি (পিপি) মো. আবুল বাশার প্রথম আলোকে জানান, আলোচিত এ মামলার রায়ের জন্য আদালত আজ দিন ধার্য করেছেন। এর আগেও কয়েকবার রায়ের জন্য দিন ধার্য করা হয়েছিল। তবে করোনা মহামারিসহ বিভিন্ন কারণে আদালত রায় ঘোষণা করতে পারেননি।

আবুল বাশার বলেন, ‘এই মামলায় দুজন আসামি রয়েছেন। রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে আদালতে তথ্য–প্রমাণ উপস্থাপন করেছে। প্রত্যেক আসামির সর্বোচ্চ সাজা হবে বলে আমরা আশাবাদী।’