লক্ষ্মীপুরে স্কুলের উদ্দেশে বের হয়ে দুই মেয়েসহ মা নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুর জেলার মানচিত্র

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় গত বৃহস্পতিবার স্কুলের উদ্দেশে বের হয়ে দুই মেয়েসহ মা নিখোঁজ। আজ শনিবার সকাল পর্যন্ত মা ও দুই মেয়ের খোঁজ পাওয়া যায়নি।

দুই মেয়ে সুরাইয়া জাহান সামিয়া (৮) ও বিবি ফাতেমাকে (৪) নিয়ে স্কুলের উদ্দেশে বের হয়েছিলেন মা মারজাহান বেগম। এ ঘটনায় গতকাল শুক্রবার রামগতি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

মেয়ের বাবা মো. হেলাল বলেন, ‘বড় মেয়ে সামিয়া ও ছোট মেয়ে ফাতেমাকে নিয়ে আমার স্ত্রী স্কুলে যাওয়ার জন্য বের হন। আমার স্ত্রী মেয়েদের নিয়ে স্কুলে যাননি। সম্ভাব্য সব স্থানে খুঁজে তাঁদের পাইনি। কেউ তাঁদের কোনো সন্ধান দিতে পারেনি।’

থানায় করা জিডি সূত্রে জানা গেছে, হেলালের বড় মেয়ে সামিয়া রামদয়াল বাজারের আইডিয়াল প্রি–ক্যাডেট একাডেমির ছাত্রী। গত বৃহস্পতিবার সামিয়ার পরীক্ষা ছিল। সকাল নয়টায় সামিয়া ও ছোট মেয়ে ফাতেমাকে নিয়ে তাদের মা মারজাহান স্কুলের উদ্দেশে বের হন। সকাল ১০টায় হেলালকে স্কুলের শিক্ষক শিলা আক্তার মুঠোফোনে কল দিয়ে বলেন, সামিয়া পরীক্ষা দিতে যায়নি। তখন তিনি স্ত্রী-সন্তানদের খোঁজ শুরু করেন।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, দুই মেয়েসহ মা নিখোঁজের ঘটনায় থানায় একটি জিডি হয়েছে। নিখোঁজের ঘটনাটি বিভিন্ন থানায় জানানো হয়েছে। তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে।