লক্ষ্মীপুরে হত্যা মামলায় নবনির্বাচিত ইউপি সদস্যসহ ৭ জনের যাবজ্জীবন
লক্ষ্মীপুরে ‘সন্ত্রাসী দলের প্রধান’ আনোয়ার হোসেন হত্যা মামলায় নবনির্বাচিত ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. ইসমাইলসহ সাতজনের সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। আজ সোমবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন দত্তপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য মো. ইসমাইল, তাঁর বাবা সাবেক ইউপি সদস্য আবদুল আজিজ, ভাই মো. সবুজ, বিল্লাল হোসেন বিপ্লব, ইব্রাহিম হোসেন, মো. মানিক ও আবুল কাশেম। তাঁদের মধ্যে কাশেম ও ইসমাইল আদালতে উপস্থিত ছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, আনোয়ার দত্তপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান ও সন্ত্রাসী দলের প্রধান প্রয়াত নূর হোসেন শামিমের ভাই। ২০১১ সালের ৪ জুন রাতে দত্তপাড়া বাজারে আসামিরা আনোয়ারকে উদ্দেশ্য করে গুলি ছোড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পরদিন
আনোয়ারের ভাই আশেক–ই এলাহি বাদী হয়ে ২৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১২ জনকে আসামি করে থানায় মামলা করেন। এরপর ২০১৫ সালের ১০ জানুয়ারি সিআইডি এ মামলার তদন্ত করে ১৮ জনের বিরুদ্ধে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়।
লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন বলেন, দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। তাঁদের মধ্যে দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন। বাকি পাঁচ আসামি পলাতক। এ ছাড়া মামলার অন্য ১১ আসামিকে আদালত খালাস দিয়েছেন।