লক্ষ্মীপুরে হত্যার দায়ে একজনের যাবজ্জীবন, চারজন খালাস
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় জলিল সরদার নামের এক ব্যক্তিকে হত্যার দায়ে হারুনুর রশিদ ব্যাপারী (৪২) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায়ে সশ্রম কারাদণ্ডের পাশাপাশি আসামিকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত হারুনুর রশিদ ব্যাপারী রায়পুর উপজেলার চরবংশী গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। এ মামলায় অভিযুক্ত চার আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। তাঁরা হলেন রায়পুর উপজেলার চর আববিল ইউনিয়নের আবুল কালাম ওরফে কালু ব্যাপারী (৪২), উদমারা গ্রামের মো. জাহিদ ওরফে আবুল কাশেম (৩৪), চর আবাবিল গ্রামের তোফায়েল পলোয়ান (৩১) ও একই এলাকার আকতার হোসেন ওরফে ইকবাল (৩৬)।
জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন জানান, জলিল সরদার নামের ওই ব্যক্তির গলায় চেইন পেঁচিয়ে হত্যা করেছিলেন আসামি হারুনুর রশিদ ব্যাপারী। আদালতে সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে ৩০২ ধারায় যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন আদালত।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ৫ জানুয়ারি রাতে হারুনুর রশিদ মুঠোফোনে বাড়ি থেকে জলিল সরদারকে ডেকে আনেন। এরপর তিনি (জলিল) আর বাড়ি ফেরেননি। পরদিন সকালে উত্তর চরবংশী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের একটি ধানখেতে জলিল সরদারের লাশ পাওয়া যায়। ওই দিনই জলিল সরদারের বাবা সিরাজ সরদার (৬৭) বাদী হয়ে রায়পুর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। লক্ষ্মীপুর সিআইডির পুলিশ পরিদর্শক মো. আবু জাহের আসামিদের অভিযুক্ত করে ২০১৭ সালের ১৫ জানুয়ারি আদালতে মামলার অভিযোগপত্র দাখিল করেন।