লক্ষ্মীপুরে ১৯ বিদ্রোহী প্রার্থীকে আ.লীগ থেকে বহিষ্কার
লক্ষ্মীপুর সদর উপজেলায় আওয়ামী লীগের ১৯ নেতাকে বহিষ্কার করা হয়েছে। গতকাল বুধবার রাতে জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় দলের সহযোগী সংগঠনের আরও সাত নেতাকে বহিষ্কারের জন্য নিজ নিজ সংগঠনের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে।
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে গিয়ে বিদ্রোহী প্রার্থী হওয়ায় গঠনতন্ত্রের ৪৭ (ঠ) ধারা মোতাবেক তাঁদের দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়। আজ বৃহস্পতিবার জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক ও সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে বহিষ্কারের কথা জানানো হয়।
জেলা সদর থানা আওয়ামী লীগের সদস্য সাইফুল হাসান, ভবানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আবদুল হালিম, ফজলুর রহমান ঢালী ও মোক্তার হোসেনকে বহিষ্কার করা হয়েছে। তাঁরা ভবানীগঞ্জ ইউপির চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। এ ছাড়া সদর থানার উত্তর হামছাদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ওই ইউপির চেয়ারম্যান প্রার্থী হুমায়ূন কবির বাবুল মোল্লাকে বহিষ্কার করা হয়েছে।
সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার বহিষ্কৃত আওয়ামী লীগ নেতারা হলেন উত্তর জয়পুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু ছৈয়দ, সদস্য জাহাঙ্গীর আলম, সাবেক সভাপতি ফিরোজ মোহাম্মদ বাকী, সাবেক সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন, চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান নুরুল আমিন, হাজিরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শামছুল আলম বাবুল, চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সদস্য ও চরশাহী ইউপি চেয়ারম্যান গোলজার মোহাম্মদ, দিঘলী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. ইসমাইল হোসেন, নবীউর রহমান মুকুল, প্রাথমিক সদস্য আলতাফ হোসেন, চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সদস্য ও মান্দারী ইউনিয়নের সোহরাব হোসেন রুবেল পাটওয়ারী, কুশাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক আবদুর রহমান, সদস্য তিতু মিয়া। তাঁরা সবাই নিজ নিজ ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীর বিপরীতে বিদ্রোহী হিসেবে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি মিয়া গোলাম ফারুক বলেন, চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। এর বাইরে দলের সিদ্ধান্ত অমান্য করে আওয়ামী লীগের ১৯ জন নেতা চেয়ারম্যান পদে নির্বাচন করতে চাওয়ায় তাঁদের বহিষ্কার করা হয়েছে। আরও সাত নেতাকে বহিষ্কারের জন্য নিজ নিজ সংগঠনের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে।
বহিষ্কারকৃত চেয়ারম্যান প্রার্থী সাইফুল হাসান, আবদুল হালিম ও হুমায়ূন কবির বাবুল মোল্লা বহিষ্কারের বিষয়টি শোনার কথা জানান। তবে দল তাঁদের বহিষ্কার করতে পারে জেনেই তাঁরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।