লক্ষ্মীপুরে ৬ ছাত্রের চুল কেটে দেওয়া মাদ্রাসাশিক্ষক জামিন পেলেন
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ছয় ছাত্রের চুল কেটে দেওয়া মাদ্রাসাশিক্ষক মঞ্জুরুল কবিরের জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম তাঁর জামিন মঞ্জুর করেন।
মঞ্জুরুল কবির উপজেলার হামছাদী কাজির দিঘীর পাড় আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক ও বামনী ইউনিয়ন জামায়াতের আমির। আদালত সূত্র জানায়, ১০ অক্টোবর শিক্ষক মঞ্জুরুলকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রায়পুর আদালতে উপস্থিত করে জামিন আবেদন করা হয়। ওই দিন বিচারক তারেক আজিজ জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ১৪ দিন পর আবার জামিন আবেদন করায় ও বাদীর আপত্তি না থাকায় গতকাল আদালত তাঁকে জামিন দেন।
মামলা সূত্রে জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর শ্রেণিকক্ষে পাঠদান চলাকালে শিক্ষক মঞ্জুরুল ছয় ছাত্রকে দাঁড় করিয়ে শ্রেণিকক্ষের সামনের বারান্দা আসতে বলেন। এ সময় তিনি উত্তেজিত হয়ে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে কাঁচি দিয়ে একে একে সবার মাথার সামনের অংশের চুল এলোমেলোভাবে কেটে দেন। পরে ওই ছাত্ররা লজ্জায় ক্লাস না করেই বেরিয়ে যায়।
পরে এ ঘটনার একটি ভিডিও ৮ অক্টোবর সকালে ফেসবুকে ছড়িয়ে পড়ে। ওই দিন রাতেই শিক্ষক মঞ্জুরুলকে কাজির দিঘীর পাড় এলাকা থেকে আটক করে পুলিশ। ওই দিন রাতেই মাদ্রাসাছাত্র শাহাদাত হোসেনের মা শাহেদা বেগম বাদী হয়ে শিশু নির্যাতন দমন আইনে ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা করেন।
আসামির আইনজীবী কামাল উদ্দিন জানান, জামিনে বাদীর আপত্তি ছিল না। তিনি লিখিতভাবে তা আদালতকে জানিয়েছেন। এ জন্য আদালত তাঁর জামিন মঞ্জুর করেছেন। জামিন শুনানির সময় মঞ্জুরুল কবির আদালতে উপস্থিত ছিলেন না।