লক্ষ্যমাত্রার ১৫ ভাগ পূরণ

সরকারিভাবে প্রতি কেজি আমন ধান ২৭ টাকা ও প্রতি কেজি চাল ৪০ টাকা দাম নির্ধারণ করা হয়েছিল।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইল জেলার মানচিত্র

টাঙ্গাইলে এবার সরকারি খাদ্যগুদামে আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রার ৮৫ ভাগেরও কম পূরণ হয়েছে। জেলার ১২টি উপজেলায় এবার ৫ হাজার ৮৭ মেট্রিক টন আমন ধান কেনার লক্ষ্যমাত্রা ছিল। কিন্তু ধান সংগ্রহ করা গেছে মাত্র ৭৫৬ দশমিক ১৬০ মেট্রিক টন, যা লক্ষ্যমাত্রার ১৪ দশমিক ৮৬ শতাংশ।

তবে চাল সংগ্রহের লক্ষ্যমাত্রার শতভাগই পূরণ হয়েছে। খাদ্য বিভাগের কর্মকর্তা ও কয়েকজন কৃষক জানান, গত কয়েক বছরের তুলনায় এবার হাট বাজারের আমন ধানের দাম ভালো ছিল। এ ছাড়া সরকারি খাদ্যগুদামে ধান বিক্রির ক্ষেত্রে বেশি শুকানোসহ পরিশ্রম বেশি করতে হয়। তাই কৃষকেরা সরকারি গুদামে বিক্রির চেয়ে বাইরে বিক্রি বেশি আগ্রহী ছিল।

গত বছর ৭ নভেম্বর শুরু এই ধান চাল সংগ্রহের অভিযান চলেছে গত ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, এবার টাঙ্গাইলের ১২টি উপজেলার কৃষক অ্যাপের মাধ্যমে ধান কেনা হয়েছে। সরকারিভাবে প্রতি কেজি আমন ধান ২৭ টাকা এবং প্রতি কেজি চাল ৪০ টাকা দাম নির্ধারণ করা হয়েছিল।

জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানায়, সদর উপজেলা থেকে ২ হাজার ৫৮ মেট্রিক টন ধান কেনার কথা থাকলেও সংগ্রহ হয়েছে ৫০ দশমিক ৪৫ মেট্রিক টন, সখীপুরে ৭৭২ মেট্রিক টন লক্ষ্যমাত্রা থাকলেও সংগ্রহ হয়েছে ১ দশমিক ৯৪ মেট্রিক টন, মির্জাপুরে ৩৪৮ মেট্রিক টন লক্ষ্যমাত্রার মধ্যে ৬৭ দশমিক ২৪ মেট্রিক টন, নাগরপুরে ১৫৮ মেট্রিক টনের মধ্যে ৩১ দশমিক ৬৫ মেট্রিক টন, দেলদুয়ারে ২২৩ মেট্রিক টনের মধ্যে ৯১ দশমিক ৯২০ মেট্রিক টন, কালিহাতীতে ৩৪৩ মেট্রিক টনের মধ্যে মাত্র শূন্য দশমিক ৮৭ মেট্রিক টন, ঘাটাইলে ৮৬২ মেট্রিক টনের মধ্যে ৫ দশমিক ৮০ মেট্রিক টন, মধুপুরে ৬৭১ মেট্রিক টনের মধ্যে শূন্য দশমিক ৪৫ মেট্রিক টন, ধনবাড়ীতে ৫০৩ মেট্রিক টনের মধ্যে ৮ দশমিক ৩৫ মেট্রিক টন, গোপালপুরে ৬০৫ মেট্রিক টনের মধ্যে শূন্য দশমিক ৫০ মেট্রিক টন, ভূঞাপুরে ২৬৪ মেট্রিক টনের মধ্যে ৪৭ দশমিক ৭৩ মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়েছে। একমাত্র বাসাইল উপজেলায় লক্ষ্যমাত্রা ছিল ৮০ মেট্রিক টন, সেখানে শতভাগ অর্জিত হয়েছে।

তবে ধানের লক্ষ্যমাত্রা অর্জিত না হলেও প্রত্যেক উপজেলায় চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা শতভাগ অর্জিত হয়েছে। জেলায় ১৬ হাজার ৬২২ দশমিক ১৪০ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল তা সম্পূর্ণ সংগ্রহ করা হয়েছে।

সদর উপজেলার রাঙাচিরা গ্রামের কৃষক আবদুল বারেক প্রামাণিক জানান, সরকারি খাদ্যগুদামে ধান বিক্রি করতে হলে বেশি শুকাতে হয়। এতে শ্রম, সময় ও পরিবহন খরচ বেড়ে যায়। কিন্তু হাটবাজারে অথবা বাড়িতে বিক্রি করতে এত কিছু করতে হয় না। তাই তিনি এবং তার মতো কৃষকেরা সরকারি গুদামে ধান বিক্রয়ে আগ্রহী নয়।

একই উপজেলার কালিকেউটিল গ্রামের কৃষক আবদুল আজিজ জানান, এবার মৌসুমের শুরু থেকেই আমন ধান মানবেধে বিক্রি হয়েছে ১ হাজার ৫০ থেকে ১ হাজার ১৫০ টাকা পর্যন্ত দরে। বাড়ির কাছে হাট অথবা বাড়িতে বসেও এ দামে ধান বিক্রি করা গেছে। তাই তিনি সরকারি গুদামে ধান বিক্রির চেষ্টা করেননি। বাড়ি থেকেই বিক্রি করেছেন।

জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. কামাল হোসেন জানান, কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে সরকারিভাবে ধান চাল সংগ্রহ করে মজুত করা হয়। এবার বাইরে ভালো দাম পাওয়ায় কৃষকেরা সরকারি গুদামে ধান বিক্রি না করে হাটবাজারে বিক্রি করেছেন। তবে চাল সংগ্রহের ক্ষেত্রে খাদ্য বিভাগ শতভাগ সফলতা অর্জন করেছে।