লঞ্চে জায়গা নেই। ফেরিঘাটে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা। বিড়ম্বনাই পথের একমাত্র অবলম্বন। লঞ্চ-বাসে তিল ধারণের ঠাঁই নেই। তারপরও ঈদ করতে বাড়ি ফিরতে হবে। এত ঝক্কির পরও স্বজনদের সঙ্গে ঈদ করতে পারাটাই যেন যাত্রীদের স্বস্তি।
বরিশাল-ঢাকা নৌপথে ঘরমুখী যাত্রীরা ফিরতি ট্রিপের বিড়ম্বনায় পড়েছেন। দাঁড়িয়ে-বসে কোনোমতে যাঁরা বরিশাল নৌবন্দরে এসেছেন, তাঁদের মধ্যরাতে নামিয়ে দেওয়ায় দুর্ভোগে পড়েছেন। গতকাল শনিবার ভোরের দিকে বরিশাল নৌবন্দরে গিয়ে দুর্ভোগের এই চিত্র দেখা গেছে। বাড়ি ফেরার অপেক্ষায় ছিলেন কয়েক হাজার নারী-পুরুষ-শিশু।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বরিশাল কার্যালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা প্রথম আলোকে জানান, ১৫টি বিলাসবহুল যাত্রীবাহী লঞ্চ ঢাকা থেকে প্রায় ৫০ হাজার যাত্রী নিয়ে শুক্রবার দিবাগত রাতে বরিশালে এসেছে। রাত দুইটা-আড়াইটার মধ্যে অধিকাংশ লঞ্চ বরিশাল নৌবন্দরে পৌঁছায়। এরপর যাত্রীদের ঘাটে নামিয়ে দেওয়া হয়। বরিশাল নৌবন্দরে মাত্র দুই হাজর যাত্রীর বসার ব্যবস্থা আছে। বাকি যাত্রীদের ঝুঁকি নিয়ে বাড়ির পথে কিংবা আশপাশে আশ্রয় নিতে হয়েছে।
লঞ্চযাত্রী মিজানুর রহমান অভিযোগ করে বলেন, ‘শুক্রবার দুপুরে ঢাকার যানজট ঠেলে বিকেলে লঞ্চে উঠেছি। যাত্রীদের ভিড় পেরিয়ে কেবিনের সামনে গিয়ে দেখি যাত্রীতে ঠাসা। কোনোমতে কেবিনে ঢুকলেও আর বেরোতে পারিনি। মধ্যরাতে বরিশাল ঘাটে লঞ্চ পৌঁছার সঙ্গে সঙ্গে ঘুম থেকে জাগিয়ে নেমে যাওয়ার জন্য বলা হয়। গভীর রাতে অনেক যাত্রী নামতে না চাইলেও লঞ্চ চলে যাবে, এমন কথা বলায় সবাই নামতে বাধ্য হয়েছে।’
অপর যাত্রী আবির হোসেন বলেন, ‘পথের দুর্ভোগের কথা আর বলতে চাই না। কেবল লঞ্চে না, পুরো পথেই দুর্ভোগ ছিল। তারপরও বরিশালে পৌঁছাতে পেরেছি। সবার সঙ্গে ঈদ করতে পারব, এটাই বড় স্বস্তি।’
বিআইডব্লিউটিএ বরিশালের নৌ-নিরাপত্তা বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং বন্দরের যুগ্ম পরিচালক মো. মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ১৫টির মধ্যে ১১টি লঞ্চ মধ্যরাতে যাত্রী নামিয়ে দিয়ে আবার ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। বরিশাল নৌবন্দরে পর্যাপ্ত যাত্রীছাউনি না থাকায় যাত্রীরা কিছুটা দুর্ভোগে পড়েন।