লঞ্চে গাদাগাদি করে যাত্রী বহন, অনেকের মুখে মাস্ক নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনা সংক্রমণ বাড়লেও স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই চলাচল করছেন যাত্রীরা। আজ শনিবার সকালে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া লঞ্চঘাটে
ছবি: প্রথম আলো

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত বিধিনিষেধ শুরুর পরও রাজবাড়ীর দৌলতদিয়া এবং মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে গাদাগাদি করে যাত্রী পরিবহন করা হচ্ছে। এমনকি ধারণক্ষমতার চেয়েও অতিরিক্ত যাত্রী বহন করা হচ্ছে কোনো কোনো লঞ্চে। স্বাস্থ্যবিধিও তেমন একটা মানছেন না যাত্রীরা।

শনিবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত দৌলতদিয়া লঞ্চঘাট এলাকায় অপেক্ষা করে দেখা যায়, পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা প্রতিটি লঞ্চ যাত্রী বোঝাই করে আসছে। ধারণক্ষমতার চেয়ে প্রায় দ্বিগুণসংখ্যক যাত্রী বহন করে লঞ্চগুলো দৌলতদিয়া ঘাটে এসে ভিড়ছে। লঞ্চ ঘাটে ভেড়ার সময় সবাই নামতে হুমড়ি খেয়ে পড়েন। লঞ্চের ডেকে গাদাগাদি করে থাকায় স্বাস্থ্যবিধি উপেক্ষিত হচ্ছে। এ সময় অনেকের মুখে মাস্ক দেখা যায়নি। কারও মুখে মাস্ক থাকলেও তা থুতনির নিচে ঝুলছিল।

একইভাবে দৌলতদিয়া ঘাট থেকে যাত্রীর ভিড় নিয়েই লঞ্চগুলোকে ঘাট ছেড়ে যেতে দেখা যায়। এ সময় ঘাটে দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) প্রতিনিধি ও লঞ্চ মালিক সমিতির লোকজন সাংবাদিকদের উপস্থিতি দেখে হাতে হ্যান্ড স্যানিটাইজার ও মুখে মাস্ক ব্যবহার করতে বারবার তাগিদ দিতে দেখা যায়।

পাটুরিয়া থেকে আসা লঞ্চ এমভি সলিমাবাদ-১–এর যাত্রী মান্নান মিয়া গাজীপুর থেকে ফরিদপুর যাচ্ছিলেন। লঞ্চ থেকে নামার আগেই তাঁর থুতনির নিচে মাস্ক ঝুলতে দেখা যায়। নামার পর মাস্ক থুতনির নিচে থাকার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘কথা বলতে ছিলাম, তাই নিচে নামিয়ে রাখছিলাম।’

লঞ্চ থেকে নামার পর অন্য যাত্রীদের সঙ্গে ভিড়ের মধ্যে মাস্ক ছাড়াই হেঁটে যাচ্ছিলেন ঢাকা থেকে আসা মাদারীপুরগামী বয়স্ক এক ব্যক্তি। পরিচয় জানতে চাইলে নিজের নাম আবদুল মান্নান বলেন। মুখে মাস্ক নেই কেন জানতে চাইলে তিনি বলেন, ‘বুড়া মানুষ তো, মাস্ক পরার কথা মনে থাকে না।’ কথা বলতে বলতে তিনি পকেট থেকে মাস্ক বের করে পরেন।

দৌলতদিয়া–পাটুরিয়া নৌপথে চলাচলকারী লঞ্চগুলোতে গাদাগাদি করে যাত্রী নেওয়া হচ্ছে
ছবি: প্রথম আলো

লঞ্চ এমভি সলিমাবাদ-১–এর ধারণক্ষমতা ১৫৮ জন। আসন অনুযায়ী যাত্রী বহনের কথা প্রায় ৮০ জনের মতো। অথচ লঞ্চভর্তি যাত্রী বহন করা হয়। লঞ্চের প্রধান মাস্টার জিয়াউল হক মুন্সি বলেন, ধারণক্ষমতার চেয়ে একটু বেশি যাত্রী এসেছে। সব মিলে প্রায় ১৫০ জনের মতো হবে। যদিও বাস্তবে আরও বেশি যাত্রী ছিল। এত যাত্রী নেওয়ার কারণ জাতে চাইলে জিয়াউল হক বলেন, পাটুরিয়া থেকে ধারণক্ষমতা হিসাব করেই যাত্রী আনা হয়েছে। অনেক সময় কিছু লোকাল যাত্রী জোর করে লঞ্চে উঠে থাকে, এ জন্য কিছু বেশি যাত্রী হয়েছে।

আরিচা লঞ্চ মালিক সমিতির দৌলতদিয়া ঘাট তত্ত্বাবধায়ক নুরুল আনোয়ার বলেন, সরকারি ঘোষণা মোতাবেক ধারণক্ষমতা অনুযায়ী যাত্রী বহন করছেন। হাত স্যানিটাইজ করতে পন্টুনে জীবাণুনাশকের বোতল রেখেছেন। এ ছাড়া যাত্রীদের মাস্ক ব্যবহারের ক্ষেত্রে গুরুত্ব দিচ্ছেন। তবে যাত্রীরা নিজ থেকে যদি সচেতন না হন, তাহলে কী করার আছে?

লঞ্চঘাটে কর্তব্যরত বিআইডব্লিউটিএর ট্রাফিক সুপার ভাইজার মো. শিমুল মিয়া বলেন, স্বাস্থ্যবিধি মেনে যাত্রীদের লঞ্চে ওঠার ক্ষেত্রে তাঁরা সার্বক্ষণিক তদারকি করছেন। ধারণক্ষমতার চেয়ে যাতে বেশি যাত্রী বহন না করে, সেদিকও খেয়াল রাখছেন। মাঝেমধ্যে কিছুসংখ্যক যাত্রী বেশি উঠে পড়ে। তবে তা স্বাভাবিক হলে বিশেষ ছাড় দিয়ে থাকেন। কিন্তু অতিরিক্ত কোনো কিছুর সুযোগ নেই।