লঞ্চে ঢাকামুখী যাত্রীদের ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদে যাত্রীদের ব্যাপক চাপ থাকায় পটুয়াখালী-ঢাকা নৌপথে পাঁচটি লঞ্চ চলাচল করছে। আজ দুপুরে পটুয়াখালী লঞ্চঘাটে
ছবি: প্রথম আলো

ঈদের ছুটি শেষে দক্ষিণাঞ্চলের মানুষ ঢাকায় ফিরতে শুরু করেছেন। ফলে পটুয়াখালী-ঢাকা নৌপথে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি সংখ্যায় লঞ্চে বাড়ানো হলেও লঞ্চগুলো ইতিমধ্যে যাত্রীতে পরিপূর্ণ হয়েছে।  যাত্রীদের চাপ বেশি থাকায় আজ শুক্রবার পটুয়াখালী লঞ্চঘাট থেকে পাঁচটি লঞ্চ ঢাকার উদ্দেশে ছেড়ে যাচ্ছে।

ঢাকার সঙ্গে দক্ষিণাচঞ্চলের মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম লঞ্চ। পটুয়াখালী নদীবন্দর থেকে প্রতিদিন তিনটি করে মোট ছয়টি লঞ্চ যাতায়াত করে থাকে। তবে ঈদে যাত্রীদের ব্যাপক চাপ থাকায় এখন পাঁচটি লঞ্চের ব্যবস্থা করা হয়েছে।

আজ দুপুর থেকে লঞ্চঘাট ঘুরে দেখা যায়, টার্মিনালে দাঁড়িয়ে থাকা কাজল-৭, কুয়াকাটা-১, এআর খান-১, সুন্দরবন-৯, জামাল-৫—সবগুলো লঞ্চ যাত্রীতে ভরে গেছে। যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, লঞ্চে জায়গা পেতে সকাল থেকেই তাঁরা চাদর বিছিয়ে অবস্থান করছেন। তবে যাত্রীদের অনেকে অভিযোগ করছেন, লঞ্চগুলোর কেবিন, ডেক, বারান্দা ও ছাদ যাত্রীতে ভরে গেলেও লঞ্চগুলো ছাড়ছে না। প্রচণ্ড গরমে তারা ভোগান্তির শিকার হচ্ছেন।

দীর্ঘসময় লঞ্চে অবস্থান করছেন আমতলী এলাকার যাত্রী মো. আমিরুল ইসলাম। তিনি বলেন, পুরো লঞ্চে যাত্রী বোঝাই হয়েছে। এরপরও লঞ্চ ছাড়ছে না। লঞ্চে উঠতে পারলেও জায়গা না পেয়ে তিনি দুর্ভোগে পড়েছেন।

জায়গা পেতে সকাল থেকেই যাত্রীদের চাদর বিছিয়ে লঞ্চে অবস্থান করতে দেখা গেছে
ছবি: প্রথম আলো

পটুয়াখালী নদীবন্দরের উপপরিচালক এম মহিউদ্দিন খান বলেন, এ বছর যাত্রীদের চাপ একটু কম। কারণ, ঈদে লম্বা ছুটি। ধাপে ধাপে যাত্রীরা কর্মস্থলে ফিরছেন। এ ছাড়া পর্যাপ্ত লঞ্চ আছে। কাজেই লঞ্চগুলো অতিরিক্ত যাত্রী বোঝাই করতে পারবে না। এ জন্য প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নিয়ে লঞ্চগুলো নির্ধারিত সময়ের আগেই ঘাট ত্যাগ করানোর ব্যবস্থা করা হবে।