লঞ্চে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে নদে পড়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু, দগ্ধ ১৩ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৃত্যু
প্রতীকী ছবি

কুমিল্লার তিতাস উপজেলায় লঞ্চে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে তিতাস নদে পড়ে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ১৩ জন দগ্ধ হয়েছে। ওই ছাত্রের নাম শামীম আহমেদ (১৩)। সে উপজেলার শিবপুর গ্রামের আবদুল মতিনের ছেলে। সে শিবপুর আলিম মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র।

গতকাল সোমবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার দড়িকান্দি সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আজ মঙ্গলবার সকাল নয়টার দিকে সেতুর পাশ থেকে শামীমের লাশ উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত ৯টার দিকে তিতাস উপজেলার শিবপুর এলাকার প্রায় ৫০ জন কিশোর ও তরুণ মিলে মেসার্স বাদল সরকার অ্যান্ড সন্স নামের একটি লঞ্চ ভাড়া নেয়। ওই লঞ্চে তারা নাচ–গানের ব্যবস্থা করে। রাত সাড়ে নয়টার দিকে লঞ্চটি দড়িকান্দি সেতু এলাকায় এলে বৈদ্যুতিক তারে জড়িয়ে ১২ থেকে ১৩ জন দগ্ধ হয়।

এ সময় তিনজন বিদ্যুত্স্পৃষ্ট হয়ে নদীতে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয় জেলেদের সহায়তায় দুজনকে উদ্ধার করা হলেও শামীমের কোনো সন্ধান পাওয়া যায়নি। এরপর রাত একটা পর্যন্ত তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদা আক্তারের উপস্থিতিতে ডুবুরি দল উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়।

এদিকে তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে প্রথমে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে উন্নত চিকিত্সার জন্য আহত ব্যক্তিদের কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস বলেন, লঞ্চে নাচানাচি করতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে একজন মারা গেছে। অন্তত ১৩ জন দগ্ধ হয়েছে। এরা সবাই উঠতি বয়সী ছেলে। মৃত ওই মাদ্রাসাছাত্রের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।