লঞ্চের অগ্রিম টিকিট নিয়েও অনিয়মের অভিযোগ
ঈদে ঢাকা থেকে নদীপথে দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে চলাচলকারী লঞ্চের অগ্রিম টিকিট বুকিং নিয়ে রেলের মতোই নানা অনিয়মের অভিযোগ উঠেছে। যাত্রীদের অভিযোগ, অনিয়মের আশ্রয় নিয়ে অধিকাংশ লঞ্চের প্রথম ও দ্বিতীয় শ্রেণির কেবিনের প্রায় ৭০ ভাগের বুকিং শেষ করা হয়েছে।
এদিকে টিকিট বুকিং নিয়ে এই অনিয়মের কারণে হয়রানির শিকার হচ্ছেন স্বজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গ্রামের বাড়ি যেতে ইচ্ছুক লঞ্চযাত্রীরা। তবে লঞ্চের মালিকপক্ষ অভিযোগ উড়িয়ে দিয়েছে।
বেশ কিছু যাত্রী অভিযোগ করেন, লঞ্চ কর্তৃপক্ষ প্রথম ও দ্বিতীয় শ্রেণির কেবিনের অগ্রিম টিকিটের কৃত্রিম সংকট দেখিয়ে নামে-বেনামে নিজেরা তা বুকিং নিচ্ছেন। যাচ্ছে কালোবাজারিদের হাতে। তাই টিকিট না পেয়ে নিরাশ হয়ে বন্দর থেকে বাসায় ফিরতে হচ্ছে তাঁদের। গতকাল মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে যাত্রীরা প্রথম ও দ্বিতীয় শ্রেণির টিকিটের জন্য হন্যে হয়ে লঞ্চে লঞ্চে খোঁজ করছেন। এ ছাড়া ঘাটে আসা-যাওয়ার পথে পুরান ঢাকার রায়সাহেব বাজার মোড় থেকে চিত্তরঞ্জন অ্যাভিনিউ, ওয়াইজঘাট ও সদরঘাট টার্মিনাল এলাকার সড়কগুলোতে তীব্র যানজটে পড়েও দুর্ভোগ পোহাচ্ছেন তাঁরা। মিরপুর এলাকার বাসিন্দা রহিম ব্যাপারী অভিযোগ করেন, বরিশালগামী দ্বীপরাজ লঞ্চের টিকিটের জন্য গেলে এর কেরানি মো. জসিম তাঁকে জানান, ২৭ ও ২৮ তারিখে তাঁদের দুটি ট্রিপ আছে, কিন্তু কোনো কেবিন খালি নেই।
ভান্ডারিয়াগামী লঞ্চের টিকিটপ্রত্যাশী মিজানুর রহমান বলেন, ‘গতকাল সকাল থেকে লঞ্চ টার্মিনালে এসে কেবিনের অগ্রিম টিকিট পাইনি। টিকিটের জন্য অগ্রদূত প্লাস লঞ্চে গেলে কেরানি সাইদুর রহমান জানান, ঈদের আগে তাঁদের তিনটি ট্রিপ আছে। ২৬ তারিখের সব কেবিন বুকিং হয়ে গেছে। পরবর্তী দিনগুলোর কেবিন বুকিং নিতে সেদিনই আসতে হবে। এখন নিতে হলে মাস্টার কেবিন নিতে হবে। ভাড়া লাগবে তিন হাজার ৫০০ টাকা।’
মিজানুর আক্ষেপ করে বলেন, ‘গত সপ্তাহে ভান্ডারিয়া গিয়েছিলাম, ভাড়া নিয়েছিল এক হাজার ৬০০ টাকা। এখন ঈদকে কেন্দ্র করে লঞ্চমালিকেরা টিকিটের সংকট দেখিয়ে দ্বিগুণ ভাড়া আদায়ের ফন্দি করছেন।’
এসব অভিযোগের ব্যাপারে জানতে চাইলে লঞ্চের লোকজন বলেন, লঞ্চের অর্ধেক টিকিটও বুকিং হয়নি। দ্বীপরাজ লঞ্চের কেরানি মো. জসিম বলেন, ‘আমাদের লঞ্চে প্রথম ও দ্বিতীয় শ্রেণির ডাবল কেবিন ৩০টি ও সিঙ্গেল ১৫টির মধ্যে ২৭টি বুকিং হয়েছে।’
পয়সারহাটগামী পূবালী-২ লঞ্চের মালিক আবদুল খালেক ব্যাপারী বলেন, ‘ঈদের আগে আমাদের চারটি ট্রিপ আছে। লঞ্চে কেবিন রয়েছে ১৩টি। এখনো পাঁচটি কেবিনের বুকিং বাকি। অনেক সময় লঞ্চের কর্মচারীরা কেবিন বুকিং শেষ হওয়ার কথা বলে নিজেদের মাস্টার কেবিন বুকিং দেওয়ার জন্য ফন্দি আঁটেন। আমার জানামতে, বেশির ভাগ লঞ্চের প্রথম ও দ্বিতীয় শ্রেণির কেবিন এখনো পুরোপুরি বুকিং হয়নি।’ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের যুগ্ম পরিচালক সাইফুল হক খান বলেন, লঞ্চযাত্রীদের নির্বিঘ্নে বাড়ি ফেরার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোনো লঞ্চের কর্মচারীর বিরুদ্ধে যদি টিকিট নিয়ে অনিয়ম বা কালোবাজারিতে বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগ পাওয়া যায়, তবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।