লন্ডন থেকে আসা যাত্রীর লাগেজে ১৫০টি গুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল শনিবার সকালে লন্ডন থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ১৫০টি শটগানের গুলি উদ্ধার করা হয়েছে। লাগেজ স্ক্যান করার সময় এসব গুলি উদ্ধার করে আব্দুস সবুর (৪৫) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়।
বিমানবন্দর ও কাস্টমস সূত্র জানায়, লন্ডন থেকে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট সকাল সাড়ে নয়টায় বিমানবন্দরে অবতরণ করে। এ সময় মহানগর পুলিশের উচ্চপর্যায় থেকে এক যাত্রীর কাছে গুলি থাকার বিষয়টি কাস্টমসকে জানানো হয়। এই তথ্যের ভিত্তিতে সকাল ১০টার দিকে কাস্টমস সব যাত্রীর লাগেজ স্ক্যান করার সময় লন্ডনপ্রবাসী আবদুস সবুরের লাগেজে ১৫০টি গুলি পাওয়া যায়। তিনি সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা গ্রামের মো. আবদুস শহীদের ছেলে।
বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার খায়রুল বাশার বলেন, গুলি রাখার বৈধতার কোনো প্রমাণপত্র দেখাতে না পারায় কাস্টমস কর্তৃপক্ষ আবদুস সবুরকে আটক করে। তাঁকে মহানগর পুলিশের বিমানবন্দর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
যোগাযোগ করলে মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. রহমত উল্লাহ প্রথম আলোকে বলেন, আটক ব্যক্তি কাস্টমস হেফাজতে রয়েছেন। এ ঘটনায় মামলা করে তাঁকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হবে।