লন্ডনের রামসগেট শহরের মেয়র রৌশন আরাকে পিরোজপুরে সংবর্ধনা
পিরোজপুরে পৌরসভার পক্ষ থেকে যুক্তরাজ্যের লন্ডনের রামসগেট শহরের মেয়র রৌশন আরা রহমানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে পৌরভবনে দেওয়া এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে মেয়র রৌশন আরা রহমান বলেন, ‘লন্ডনে গিয়ে পড়াশোনা শেষ করে আমি সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করেছি। নিজের মতো করে সামাজিক কাজ করার পর লেবার পার্টি আমাকে তাদের দলে টেনে নিয়েছেন। আমি নিজে থেকে রাজনীতিতে যোগ দিইনি। আর আমার ভালো কাজের জন্য নাগরিকদের ভোটে মেয়র নির্বাচিত হতে পেরেছি।’
পিরোজপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনায় বক্তব্য দেন রৌশন আরা রহমানের স্বামী রেজাউর রহমান, বীর মুক্তিযোদ্ধা গৌতম চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি কানাই লাল বিশ্বাস, সাবেক প্রধান শিক্ষক কাজী মজিবর রহমান, পৌর কাউন্সিলর আবদুস সালাম, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি রেজাউল ইসলাম ও সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ প্রমুখ।
বিকেলে পিরোজপুরের জেলা প্রশাসকের পক্ষ থেকেও রৌশন আরা রহমানকে সংবর্ধনা দেওয়া হচ্ছে। বিকেল চারটায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ অনুষ্ঠান শুরু হয়েছে।
এর আগে গতকাল বুধবার দুপুরে রৌশন আরা রহমান তাঁর স্বামীকে নিয়ে পিরোজপুরে পৌঁছেছেন। শহরের সিআইপাড়া মহল্লায় শ্বশুরবাড়িতে তিনি অবস্থান করছেন। রেজাউর রহমান পিরোজপুর শহরের সিআইপাড়া মহল্লার প্রয়াত আফসার উদ্দিনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রৌশন আরা রহমান ও তাঁর স্বামী যুক্তরাজ্য থেকে বাংলাদেশে বেড়াতে এসেছেন। আগামী শনিবার পর্যন্ত পারিবারিক ও সামাজিক বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তাঁরা। এরপর রোববার তাঁরা হেলিকপ্টারে মানিকগঞ্জের সিংগাইরে রৌশন আরা রহমানের বাবার বাড়িতে যাবেন।
রৌশন আরা রহমানের জন্ম সিংগাইর উপজেলার ইরতা কাশিমপুর কাঁঠালবাগান গ্রামে। তাঁর বাবার নাম রজ্জব আলী। অষ্টম শ্রেণিতে পড়ার সময় তিনি মা-বাবার সঙ্গে যুক্তরাজ্যে চলে যান। সেখানে উচ্চশিক্ষা শেষ করে তিনি বিভিন্ন সামাজিক কাজে অংশ নেন। ২০১৯ সালে ইংল্যান্ডের রামসগেট সিটি নির্বাচনে তিনি মেয়র নির্বাচিত হন। এর আগে ২০১৭ সালে লেবার পার্টির হয়ে পার্লামেন্ট নির্বাচনে অংশ নিয়ে সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হন।