লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত, আহত ৩
চট্টগ্রামের লোহাগাড়ায় মালবাহী লরির ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে আটটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রাজঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই যুবকের নাম মোহাম্মদ সাখাওয়াত হোসেন (২৪)। তিনি লোহাগাড়ার আমিরাবাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দর্জিপাড়া এলাকার মোহাম্মদ আবদুল মান্নানের ছেলে। এ ঘটনায় সাখাওয়াতের তিন বন্ধু আহত হয়েছেন। আহত ব্যক্তিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল রাতে সাখাওয়াতসহ চার বন্ধু দুটি মোটরসাইকেল নিয়ে পদুয়া বাজার থেকে আমিরাবাদ বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। এ সময় তাঁরা মহাসড়কের রাজঘাটা এলাকায় পৌঁছালে কক্সবাজারমুখী মালবোঝাই একটি লরি সাখাওয়াতের মোটরসাইকেলকে পেছনে থেকে ধাক্কা দেয়। এতে সাখাওয়াতের মোটরসাইকেলটি সামনের মোটরসাইকেলকে ধাক্কা দেয়।
এ সময় সাখাওয়াত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে প্রথমে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখান থেকে তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রব প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার পরই পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। তবে ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগেই লরিটি নিয়ে চালক পালিয়ে গেছেন। এদিকে সাখাওয়াতের লাশ তাঁর স্বজনেরা বাড়িতে নিয়ে গেছেন। লরিটি ও এর চালককে চিহ্নিত করার চেষ্টা চলছে।