লাইটার জাহাজশ্রমিকদের দেশব্যাপী ধর্মঘট
লাইটার জাহাজ (পণ্যবাহী জাহাজ) শ্রমিকদের আকস্মিক কর্মবিরতিতে গতকাল শনিবার বেলা ১১টা থেকে সারা দেশে পণ্য পরিবহন ও খালাস কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য খালাসে অচলাবস্থা দেখা দিয়েছে। বিভিন্ন নদীপথ ও ঘাটে আটকা পড়েছে প্রায় ৬০০ লাইটার জাহাজ। এসব জাহাজে ভোগ্যপণ্য ও শিল্পের কাঁচামালের পরিমাণ প্রায় সাত লাখ ৭৮ হাজার মেট্রিক টন।
লাইটার জাহাজ পরিচালনাকারী সংস্থা ওয়াটার ট্রান্সপোর্ট সেল সূত্র এসব তথ্য জানিয়েছে। সংগঠনটি বলেছে, শ্রমিকদের কর্মবিরতির কারণে কর্ণফুলী নদীসহ সারা দেশের নদীপথ ও ঘাটগুলোতে এসব পণ্যবোঝাই জাহাজ আটকা পড়েছে।
গত শুক্রবার সকালে চট্টগ্রামের কাফকো থেকে সার নিয়ে সিরাজগঞ্জের বাঘাবাড়ীর উদ্দেশে ছেড়ে যায় ‘এমভি কর্ণফুলী-৫’ নামের একটি লাইটার জাহাজ। পথে জাহাজটির মাস্টার ও চালকসহ সাতজন নিখোঁজ হন। সেই ঘটনার জের ধরে নৌপথে নিরাপত্তা প্রদান ও চাঁদাবাজির প্রতিবাদে এই কর্মবিরতি শুরু করেন শ্রমিকেরা।
কর্মবিরতি শুরুর আগেই চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ১০টি বড় জাহাজ থেকে পণ্য খালাস করে ১৯টি লাইটার জাহাজে তা বোঝাই করা হচ্ছিল। কিন্তু গতকাল সন্ধ্যার পর এসব বড় জাহাজ থেকেও পণ্য খালাস বন্ধ হয়ে যায়।
জানতে চাইলে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ‘নৌযানশ্রমিকদের কর্মবিরতির কথা শুনেছি। নদীপথে পণ্য পরিবহন পরিস্থিতি স্বাভাবিক করতে নৌ-পুলিশসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য বলা হয়েছে।’
লাইটার জাহাজের কয়েকজন শ্রমিকনেতা জানান, সম্প্রতি সারা দেশে লাইটার জাহাজে ডাকাতি ও নদীপথে চাঁদাবাজি বেড়েছে। এসব ঘটনার প্রতিকার না পেয়ে শ্রমিকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। গতকাল সকালে শ্রমিকদের মধ্যে একটি লাইটার জাহাজের সাতজন নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়ে। তখন থেকে সাধারণ শ্রমিকেরা কর্মবিরতি শুরু করেন।
এ ব্যাপারে নৌযান শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আলম প্রথম আলোকে বলেন, ‘এ ঘটনার পর দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ থেকে সাধারণ শ্রমিকেরা কর্মবিরতি শুরু করেন। আমরা জানার পর তাঁদের কর্মবিরতিতে সমর্থন দিই।’ তিনি বলেন, ‘বাস্তবে যা-ই ঘটুক, পুলিশের দায়িত্ব হচ্ছে অপরাধীদের খুঁজে বের করা ও নিখোঁজ শ্রমিকদের উদ্ধার করা।’
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য খালাসে নিয়োজিত ‘শিপ হ্যান্ডলিং অপারেটর’ এরিয়েন স্টিভিডোরস লিমিটেডের পরিচালক সরওয়ার হোসেন রাতে প্রথম আলোকে বলেন, কর্মবিরতির কারণে বন্দরের বহির্নোঙরে এখন ১৫টির বেশি বড় জাহাজে পণ্য খালাস বন্ধ হয়ে গেছে। একেকটি জাহাজ প্রতিদিন বন্দরে অলস বসে থাকলে ৮ থেকে ১২ হাজার মার্কিন ডলার ক্ষতিপূরণ গুনতে হচ্ছে। এই টাকা আমদানিকারক বা জাহাজমালিককে বহন করতে হবে।
ভোগ্যপণ্য আমদানিকারক প্রতিষ্ঠান বিএসএম গ্রুপের চেয়ারম্যান আবুল বশর চৌধুরী প্রথম আলোকে জানান, কর্মবিরতির কারণে তাঁর প্রতিষ্ঠানের ১০টি লাইটার জাহাজে গম ও ডালজাতীয় পণ্য আটকা পড়েছে। এ অচলাবস্থায় ভোগ্যপণ্য ও শিল্পের কাঁচামাল সরবরাহে সবচেয়ে বড় ব্যাঘাত ঘটছে। আমদানিকারকদেরও প্রতিদিন ক্ষতিপূরণ গুনতে হবে।