লাউয়াছড়া পাড়ি দিতে ২০ মিনিটের কম লাগলে গাড়ি দাঁড় করিয়ে রাখা হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. রেজাউল করিম চৌধুরী

মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে গেছে শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়ক। এ সড়কে প্রায়ই দ্রুতগতির যানবাহনের চাকায় পিষ্ট হয়ে বিপন্ন বন্য প্রাণীর মৃত্যু ঘটছে। বন্য প্রাণী সংরক্ষক ও পরিবেশকর্মীরা এ সড়কে গণপরিবহন চলাচল বন্ধে একটি বিকল্প সড়ক নির্মাণ এবং বিকল্প সড়ক না হওয়া পর্যন্ত যানবাহনের গতি নিয়ন্ত্রণে রাখার দাবি করে আসছিলেন। এর পরিপ্রেক্ষিতে সড়কের উদ্যান এলাকার সাড়ে সাত কিলোমিটারে যানবাহনের গতি সর্বোচ্চ ২০ কিলোমিটার নির্ধারণ করা হয়েছে। বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ ৩ মার্চ বিশ্ব বন্য প্রাণী দিবস থেকে এ সিদ্ধান্ত কার্যকর করেছে। এ বিষয়ে প্রথম আলো কথা বলেছে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের (মৌলভীবাজার দপ্তর) সিলেট বিভাগীয় কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরীর সঙ্গে।

প্রশ্ন:

প্রথম আলো: লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়কে যানবাহনের গতিসীমা সর্বোচ্চ ২০ কিলোমিটার করেছেন। কেন?

রেজাউল করিম চৌধুরী: গাড়ির গতিসীমা ২০ কিলোমিটারের মধ্যে থাকলে তার সামনে দিয়ে রাস্তা পারাপাররত বন্য প্রাণী যেমন হরিণ, শূকর, বানর, হনুমান, মেছো বিড়াল, চিতা বিড়াল, বনবিড়াল, শজারু প্রভৃতি প্রাণী মোটামুটি নিরাপদে চলে যেতে পারে। অন্যদিকে ধীরগতির প্রাণী যেমন অজগরসহ বিভিন্ন প্রজাতির সাপ, বনরুই ইত্যাদি গাড়ির সামনে পড়লেও গাড়ির গতি কম থাকার ফলে গাড়িচালক সহজে ব্রেক করে ধীরগতিতে চলা প্রাণীগুলোকে মৃত্যুঝুঁকি থেকে বাঁচাতে পারেন। সারা পৃথিবীতেই যেসব বনাঞ্চলের মধ্যে যান্ত্রিক যানবাহন চলাচল করে, সেখানে ২০ থেকে ৩০ কিলোমিটার গতিবেগে সড়ক বা রেলপথে যানবাহন চলাচল করে থাকে। লাউয়াছড়া জাতীয় উদ্যানের মধ্যে সড়কপথে প্রতি ঘণ্টায় মোটামুটিভাবে ৩০০ গাড়ি যাওয়া-আসা করে। শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়কে কোনোভাবেই গাড়ির গতিবেগ ঘণ্টায় ২০ কিলোমিটারের বেশি করা ঠিক হবে না বলে বিশেষজ্ঞরা মনে করেন। এ রাস্তায় যানবাহনগুলো ৪০ থেকে ৭০ কিলোমিটার বেগে চলাচল করে বলেই বছরে ৫০ থেকে ৬০টির মতো বন্য প্রাণী সড়কে মারা যায়।

প্রশ্ন:

প্রথম আলো: বন্য প্রাণী রক্ষায় এ উদ্যোগ কতটুকু কার্যকর হবে বলে মনে করেন?

রেজাউল করিম চৌধুরী: প্রাণিবিজ্ঞানীদের মতে, লাউয়াছড়ায় যে ৩৯টি প্রজাতির স্তন্যপায়ী প্রাণী আছে, তার মধ্যে ২০টি প্রজাতিই ঝুঁকিপূর্ণ বা বিপন্ন তালিকায় আছে। প্রকৃতিতে সবিশেষ গুরুত্ব বহন করা বন্য প্রাণী যেহেতু লাউয়াছড়া জাতীয় উদ্যানের মধ্যকার রাস্তা পারাপারের সময় মারা যায়, তাই এবারের বিশ্ব বন্য প্রাণী দিবসের প্রতিপাদ্য বাস্তবায়নে গাড়ির গতিসীমা কমিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছি। আমরা শুরু করলাম মাত্র। আশা করছি, সবার সহযোগিতায় এর সুফল পাব। বন্য প্রাণীর মৃত্যুর ঝুঁকি কমবে।

প্রশ্ন:

প্রথম আলো: উদ্যান এলাকার সাড়ে সাত কিলোমিটারে নির্ধারিত গতিতে যানবাহন চলছে কি না, তা কী করে নিশ্চিত করবেন? দুই প্রান্তে নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা থাকবে?

রেজাউল করিম চৌধুরী: আমরা নিজেরা ঘণ্টায় ২০ কিলোমিটার গতিতে লাউয়াছড়া জাতীয় উদ্যানের রাস্তা পার হই। এতে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছাতে ২০ মিনিট সময় লাগে। আমরা প্রথম দিনই জাতীয় উদ্যানে গাড়ির প্রবেশকালের সময় রেকর্ড করে তার সঙ্গে ২০ মিনিট যোগ করে বহির্গমনের সময় ও গাড়ির এন্ট্রি টোকেন লিখে দিয়েছি। রাস্তার অন্য প্রান্তে বন থেকে বের হওয়ার সময় গাড়ি থামিয়ে বহির্গমন সময় পরীক্ষা করা হয়। মূলত ২০ মিনিট বা তার কিছু বেশি সময় নেওয়া গাড়িগুলোকেই তাৎক্ষণিতভাবে বহির্গমনের অনুমতি দেওয়া হয়। তাড়াতাড়ি বা কম সময়ে আসা গাড়িগুলোকে দাঁড় করিয়ে রেখে ২০ মিনিটের পর চলে যাওয়ার অনুমতি দেওয়া হয়। পুরো রাস্তাতেই কমিউনিটি প্যাট্রল গ্রুপ, সাইক্লিস্ট ও পুলিশ বাহিনীর সদস্যরা মাঝপথে গাড়িচালকেরা গাড়ি ২০ কিলোমিটার গতিতে চালাচ্ছেন কি না, তা তদারক করেন। এটা নিয়মিত করা হবে। দুই পাশে আসা–যাওয়ার সময় পর্যবেক্ষণেরও ব্যবস্থা করা হবে।

প্রশ্ন:

প্রথম আলো: কারা যানবাহনের গতি পর্যবেক্ষণ করবে? বন বিভাগ, পুলিশ, ট্রাফিক পুলিশ? নাকি অন্য কোনো সংস্থা?

রেজাউল করিম চৌধুরী: এ মুহূর্তে প্রয়োজন জাতীয় উদ্যানের মধ্যকার রাস্তার প্রবেশ ও বাহির উভয় প্রান্তে চৌকি বসিয়ে গাড়ির প্রবেশ সময় এবং বহির্গমন সময়ের এন্ট্রি টোকেন লিখে দেওয়া। বহির্গমন প্রান্তে তা যাচাই করা। সে ব্যবস্থা করা হবে। এ ছাড়া আমরা অদূর ভবিষ্যতে কিছুদূর পরপর রাস্তাজুড়ে স্পিডমিটার বসিয়ে দিতে চাই। পুলিশ বিভাগও এ কাজে সহায়তা করতে সম্মত হয়েছে।
প্রথম আলো: যারা গতিসীমা অমান্য করবে, তাদের বিরুদ্ধে কি কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে? জরিমানার ব্যবস্থা থাকবে? জরিমানার পরিমাণ কত হবে?
রেজাউল করিম চৌধুরী: যারা গতিসীমা লঙ্ঘন করবে, তাদের বিষয়ে জরিমানার বিধান করা হবে। গাড়িভেদে এ জরিমানার পরিমাণ নির্ধারণ করা হবে।

প্রশ্ন:

প্রথম আলো: বন্য প্রাণী রক্ষার এ উদ্যোগে সংশ্লিষ্ট বিভাগগুলোর কাছ থেকে কেমন সহযোগিতা পেয়েছেন?

রেজাউল করিম চৌধুরী: লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরের রাস্তায় গাড়ির গতিসীমা নিয়ন্ত্রণ করার কাজে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, বন বিভাগ, সিএমসি, গণপরিবহনের নেতারা, বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনগুলো, রোভার স্কাউট, বিএনসিসি, গণমাধ্যমকর্মী তথা সর্বস্তরের জনগণ আমাদের কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন। তাঁরা মাঠপর্যায়ে আমাদের সঙ্গে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন।

প্রশ্ন:

প্রথম আলো: সড়ক দুর্ঘটনা ছাড়াও লাউয়াছড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বন্য প্রাণী মারা যাচ্ছে। বন্য প্রাণী রক্ষায় আর কী ভাবছেন?

রেজাউল করিম চৌধুরী: লাউয়াছড়া জাতীয় উদ্যানের মধ্যে বা উদ্যানের আশপাশের বৈদ্যুতিক লাইনের তারকে রাবার কোটেড করে দিতে পারলেই বিদ্যুতের তারে বন্য প্রাণীর মৃত্যুঝুঁকি এড়ানো সম্ভব। আমাদের সাতছড়ি জাতীয় উদ্যানের মধ্যকার বৈদ্যুতিক তারগুলোকে রাবার কোটেড করার ফলে গত এক বছরে আর কোনো বন্য প্রাণী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়নি। লাউয়াছড়ায় গড়ে প্রতিবছর ১০ থেকে ১২টি বানর-হনুমানজাতীয় প্রাণী মারা যাচ্ছে। লাউয়াছড়া ও সংলগ্ন এলাকায় রাবার কোটেড তার দেওয়ার বিষয়ে বিদ্যুৎ বিভাগকে লিখিত ও মৌখিকভাবে বলা হয়েছে।