লাউয়াছড়ার সড়কে কাঁকড়াভুক বেজির মৃত্যু
মৌলভীবাজারের শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়কের লাউয়াছড়া জাতীয় উদ্যানের সামনে থেকে একটি মৃত কাঁকড়াভুক বেজি উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুরে ক্ষতবিক্ষত অবস্থায় বেজিটি উদ্ধার করা হয়। স্থানীয় লোকজন ধারণা করছেন, কোনো গাড়ির নিচে চাপা পড়ে বেজিটি মারা গেছে।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, দুপুরে তাঁরা লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রবেশপথের সামনে থেকে ক্ষতবিক্ষত অবস্থায় বেজিটি পড়ে থাকতে দেখেন। পরে মৌলভীবাজার বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ প্রাণীটি উদ্ধার করেছে।
মৌলভীবাজার বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক শ্যামল কুমার মিত্র বলেন, ‘কাঁকড়াভুক বেজির মৃত্যুর ঘটনাটি আমি শুনেছি। আমরা প্রাণীটির মৃতদেহ উদ্ধার করার ব্যবস্থা করেছি।’
লাউয়াছড়া জীববৈচিত্র্য রক্ষা আন্দোলনের আহ্বায়ক জলি পাল প্রথম আলোকে বলেন, লাউয়াছড়া জাতীয় উদ্যানে প্রাণীদের আবাসস্থল ও খাদ্যসংকটের কারণে প্রায়ই প্রাণীরা লোকালয়ে বের হয়ে আসছে। এরপর তারা বিভিন্নভাবে মানুষের হাতে মারা যাচ্ছে। এ ছাড়া লাউয়াছড়ার ভেতর দিয়ে যাওয়া সড়ক ও রেলপথে প্রায়ই বন্য প্রাণীরা মারা যাচ্ছে। বারবার বিকল্প সড়কের দাবি জানানো হলেও কোনো লাভ হয়নি। বিষয়টি প্রশাসনকে গুরুত্ব দিয়ে দেখার জন্য দাবি জানান তিনি।
জানতে চাইলে শ্যামল কুমার মিত্র বলেন, লাউয়াছড়ার ভেতর দিয়ে যাওয়া সড়ক ও রেলপথে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটছে। লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে যাওয়া রাস্তাটি বন্ধ করে বিকল্প সড়ক পথের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বিকল্প পথ চালু হলে বন্য প্রাণীর মৃত্যুর হার কমে আসবে৷
বন বিভাগ সূত্রে জানা গেছে, কাঁকড়াভুক বেজির বৈজ্ঞানিক নাম ‘হারপেসটেস উর্ভা’। এর লোমগুলো ধূসর অথবা কালচে রঙের হয়ে থাকে। এ প্রজাতির বেজির লেজ ছোট থাকে। দেহের দৈর্ঘ্য ৪৫-৫২ সেন্টিমিটার, লেজের দৈর্ঘ্য ২৫-৩০ সেন্টিমিটার।
কাঁকড়াভুক বেজি ১.৮ থেকে ২.৫ কেজি পর্যন্ত হয়ে থাকে। কাঁকড়াভুক বেজি নিশাচর প্রাণী। এরা কাঁকড়া খেয়েই জীবনধারণ করে বলে এদের কাঁকড়াভুক বেজি বলা হয়। এ ছাড়া মাছ, শামুক, ব্যাঙ, ইঁদুর, পাখি, পোকামাকড়ও এরা খাদ্য হিসেবে গ্রহণ করে। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন) কাঁকড়াভুক বেজিকে ন্যূনতম বিপদগ্রস্ত হিসেবে উল্লেখ করেছে।