লাউয়াছড়ায় সড়কে গাড়ি চাপায় বন্য শূকরের মৃত্যু
মৌলভীবাজারের কমলগঞ্জে গাড়ির চাপায় একটি বন্য শূকরের মৃত্যু হয়েছে। আজ রোববার ভোরে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে যাওয়া শ্রীমঙ্গল–ভানুগাছ সড়কে এই দুর্ঘটনা ঘটে।
লাউয়াছড়ার বন প্রহরী আলী হায়দার বলেন, সম্ভবত ভোররাতে গাড়ি চাপায় বন্য শূকরটি মারা গেছে। মৃত প্রাণীটি উদ্ধার করে বন অফিসে পাঠানো হয়েছে। তিনি বলেন, বন্য শূকরের বাচ্চা থাকলে দল বেঁধে চলাচল করে। প্রাপ্ত বয়স্করা একা বা দু–তিনটি একসঙ্গে চলাচল করে। এরা বন ও বনের আশপাশে ঘুরে বেড়ায়। মারা যাওয়া বন্য শূকরটি মধ্য বয়সী।
লাউয়াছড়া ট্যুর গাইড শ্যামল দেববর্মা বলেন, প্রতিদিন হাজার হাজার গাড়ি লাউয়াছড়ার ভেতর রাস্তা দিয়ে চলাচল করে। বন বিভাগের নির্দেশনা রয়েছে, বনের ভেতর দিয়ে যাওয়ার সময় যানবাহনের গতি কম করার জন্য। সর্বোচ্চ ২০ কিলোমিটার বেগে যানবাহন চলাচলের কথা থাকলেও কেউ সেটা মানছে না। এ কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে, বন্য প্রাণী যানবাহনের চাপায় মারা যাচ্ছে। আজ সকালেও দুর্ঘটনাটি ঘটে।
বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, মৃত প্রাণীটি উদ্ধার করা হয়েছে। এটিকে মাটিচাপা দেওয়া হবে। লাউয়াছড়ায় যানবাহন চলাচলের জন্য তাঁরা দিকনির্দেশনা দিয়ে সাইনবোর্ড লাগিয়েছেন। কিন্তু কেউ সেটা মানছে না।