লাকসামে চলন্ত ট্রেন থেকে নারীর সোনার চেইন ছিনতাই, গ্রেপ্তার ১
কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশনে চাঁদপুর থেকে চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনে চন্দ্রিমা বড়ুয়া নামের এক নারী যাত্রীর সোনার চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটে।
এ ঘটনায় নুরুল ইসলাম নামের এক ব্যক্তিকে ধাওয়া করে আটক করেন লোকজন। এরপর তাঁকে পিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
রোববার সকাল নয়টায় এ ঘটনা ঘটে। নুরুল ইসলামের (৩২) বাড়ি লাকসাম পৌরসভার উত্তরকুল এলাকায়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে। বিকেলে তাঁকে কুমিল্লার আদালতে হাজির করা হয়। বিচারক তাঁকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জসিম উদ্দিন বলেন, মেঘনা এক্সপ্রেস ট্রেনটি চাঁদপুর থেকে লাকসামে যাত্রাবিরতি শেষে চট্টগ্রামের উদ্দেশে চলতে শুরু করে। একপর্যায়ে চলন্ত ট্রেন থেকে চন্দ্রিমা বড়ুয়ার গলার চেইন ছিনিয়ে নিয়ে ট্রেন থেকে লাফিয়ে পড়ে পালানোর চেষ্টা করেন নুরুল ইসলাম। এরপর স্থানীয় লোকজনের সহযোগিতায় পুলিশ ধাওয়া করে তাঁকে আটক করতে সক্ষম হয়। চন্দ্রিমার গ্রামের বাড়ি লাকসাম উপজেলার দক্ষিণ বাকই ইউনিয়নের মোহনপুর গ্রামে।