লাখাইয়ে ইজিবাইক উল্টে চালক নিহত
হবিগঞ্জ-লাখাই আঞ্চলিক সড়কে আজ শুক্রবার সকালে একটি ইজিবাইক (টমটম) উল্টে এর চালক প্রাণ হারিয়েছেন। নিহত ব্যক্তির নাম জাহাঙ্গীর মিয়া (৩৫)। তাঁর বাড়ি লাখাই উপজেলার করাব গ্রামে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ইজিবাইকচালক জাহাঙ্গীর মিয়া আজ শুক্রবার সকাল ১০টার দিকে তাঁর ইজিবাইক বোঝাই করে গোখাদ্য নিয়ে লাখাই উপজেলার পশ্চিম করাব গ্রামে যাচ্ছিলেন। ইজিবাইকটি হবিগঞ্জ-লাখাই আঞ্চলিক সড়কের করাব এলাকায় পৌঁছালে সড়কের একটি গর্তে পড়ে উল্টে যায়। এ সময় চালক জাহাঙ্গীর ইজিবাইকের নিচে চাপা পড়েন। পরে আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী এ দুর্ঘটনার ঘটনাটি নিশ্চিত করে জানান, পরিবারের লোকজন দুর্ঘটনার বিষয়টি পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে।