লাথিতে আহত সবজি বিক্রেতার মৃত্যু
গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর এলাকায় পাওনা টাকা নিয়ে কথা–কাটাকাটির সময় এক ব্যক্তির লাথিতে আহত সবজি বিক্রেতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আজ শনিবার সকালে কাশিমপুর থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।
মারা যাওয়া ওই ব্যক্তির নাম মো. আবদুর রশিদ (৫০)। তিনি ময়মনসিংহের তারাকান্দার নেতারাশি এলাকার মৃত ফজর আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কাশিমপুর নয়াপাড়া এলাকায় এমারত হোসেনের বাড়িতে ভাড়া থেকে একটি দোকানে সবজি বিক্রি করতেন আবদুর রশিদ। তিনি স্থানীয় সুলতান মির্জার ছেলে সুমন মির্জার (২৮) জমি ভাড়া নিয়ে সবজি চাষও করতেন। সুমন পাওনা টাকা নিয়ে বৃহস্পতিবার রাত আটটার দিকে রশিদকে গালাগালি শুরু করেন। এ সময় দুজনের মধ্যে কথা–কাটাকাটি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। একপর্যায়ে সুমন সজোরে আবদুর রশিদের তলপেটে লাথি মারেন। এতে আবদুর রশিদ গুরুতর আহত হন এবং মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে শুক্রবার বিকেলে তাঁকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান। পরে তাঁর লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়।
কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব-এ-খোদা বলেন, ওই ঘটনায় নিহত ব্যক্তির ছেলে আনোয়ার হোসেন বাদী হয়ে সুমন মির্জার বিরুদ্ধে শনিবার সকালে কাশিমপুর থানায় মামলা করেছেন। ঘটনার পর থেকে সুমন মির্জা পলাতক আছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।