লামায় বজ্রপাতে একই পরিবারের দুজনের মৃত্যু
বান্দরবানের লামা উপজেলার ফাইতংয়ে গতকাল সোমবার রাতে বজ্রপাতে একই পরিবারের চাচা-ভাতিজা দুইজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে দুজনের লাশ উদ্ধার করে দাফনের জন্য আত্মীয়স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, রোববার দিবাগত রাত সাড়ে ১২টায় উপজেলার ফাইতং এলাকায় বজ্রপাতসহ প্রচণ্ড বৃষ্টি হয়। এ সময় ফাইতং মুসলিমপাড়ায় নিজেদের বাড়ির কাছাকাছি একটি সেগুনগাছের ওপর মাচানঘরে বসে মো. এনাম (৪৫) ও তাঁর ভাতিজা শহিদুল ইসলাম (২৪) ধানখেত পাহারা দিচ্ছিলেন। সেগুনগাছের আকস্মিক বজ্রপাত আঘাত হানে। সঙ্গে সঙ্গে সেগুনগাছ পুড়ে যায়। দগ্ধ হয়ে চাচা-ভাতিজার শরীর ঝলছে গিয়ে ঘটনাস্থলে তাঁদের মৃত্যু হয়।
ফাইতং মুসলিমপাড়া উপজেলার ফাইতং ইউনিয়নে। পাড়াটি লামা উপজেলা সদর থেকে প্রায় ২০ কিলোমিটার উত্তর-পশ্চিমে।
ফাইতংয়ের বাসিন্দা মো. হেলাল উদ্দিন বলেন, বজ্রসহ ভারী বৃষ্টিপাত বন্ধ হওয়ার পর ভোরে বাড়ির লোকজন এবং পাড়াবাসী মো. এনাম ও শহিদুল ইসলামের মৃত্যুর বিষয়টি জানতে পারেন। তাঁরা বন্য হাতি ও শূকরের উৎপাত থেকে ধানখেত রক্ষার জন্য প্রতি রাতে সেগুনগাছের ওপর নির্মিত মাচানঘরে রাত জেগে পাহারা দিয়ে থাকেন।
লামার থানার উপরিদর্শক (এসআই) ফরিদুল আলম বলেন, বজ্রপাতে চাচা-ভাতিজা দুজনের শরীর পুড়ে গেছে। প্রাকৃতিক দুর্যোগে তাঁদের মৃত্যু নিশ্চিত হওয়ায় এবং আত্মীয়স্বজন ও মুসলিমপাড়াবাসীর আবেদনে লাশের ময়নাতদন্ত করা হয়নি। দাফনের জন্য আত্মীয়দের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। থানায় একটি ইউডি (দুর্যোগজনিত মৃত্যু) মামলা করা হবে।