
হালকা শীতল হাওয়া, কুয়াশাচ্ছন্ন আকাশ। পুবে উঁকি দিচ্ছে ভোরের আলো। খোলা মাঠে শুয়ে থাকা বাউলেরা উঠে পড়লেন। শুরু হলো গোষ্ঠগান। খণ্ড খণ্ডভাবে চলছিল গুরুবন্দনা। লালন শাহর ১২৫তম তিরোধান দিবস উপলক্ষে গতকাল শনিবার সকালে ছেঁউড়িয়ার লালন আখড়ায় আয়োজিত মেলার আবহ ছিল এ রকম। গতকাল ছিল লালনমেলার দ্বিতীয় দিন। মেলা চলবে ২০ অক্টোবর পর্যন্ত।
‘অনুরাগ নইলে কি সাধন হয়, সে তো মুখের কথা নয়’—লালনের এমন মর্মবাণী সুরে গেয়ে উঠছেন সাধুরা। সাধুদের মতে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য—এই ছয়টি রিপুর তাড়নায় তাড়িত হয়ে জীবসাধারণ পরমের সন্ধান লাভে ব্যর্থ হয়। তাই ফকির লালন শাহ তাঁর শিষ্যদের বললেন, রাগ নয়, অনুরাগ করলেই সাধনের লক্ষ্যে পৌঁছানো যায়।
সূর্য তার আলো পরিপূর্ণ করলে সাধুরা বাল্যসেবা নেন। বাল্যসেবার পর আবার গান। এটাকে বলে লীলাসংগীত। প্রেমজুড়ি, মন্দিরা, একতারা, দোতারা বাজিয়ে গানের সুরের সঙ্গে মাথা দোলাতে থাকেন বাউলেরা।
মধ্যপ্রহরে সাদা ভাত, মাছ, কলাইয়ের ডাল, সবজি ও দই দিয়ে পূর্ণসেবা গ্রহণ করেন বাউলেরা। পূর্ণসেবার পর সাধু-গুরুদের নিয়ে অষ্টপ্রহরে শেষ হয় (এক সন্ধ্যা থেকে পরের দিন দ্বিপ্রহর) সাধুসঙ্গ। ছেঁউড়িয়ায় লালন আখড়াবাড়িতে প্রকৃত সাধু বাউলেরা এভাবেই তাঁদের সাঁইজিকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।
ফকির নহির শাহ বলেন, সাঁইজিকে সব সময় স্মরণ করা হয়। সাঁইজি বলে গেছেন, ‘তোমরা সৎ উপদেশ পালন ও ধারণ করো। কৃষ্ণমন্ত্র শ্রবণ করো, মহাজনের পথে চলো, কেন রে বেড়াও ঘুরে।’ সাঁইজিকে স্মরণের শেষ বলে কিছু নেই। তাই সন্ধ্যায় চাল-জল খেয়ে আবার গুরুধন্য প্রার্থনামূলক গান শুরু করেন।
একদিকে যেমন বাউল ফকির ভক্ত অনুসারীরা লালন মতাদর্শে সাঁইজিকে স্মরণ করছেন, অন্যদিকে ছেঁউড়িয়ার কালী নদীর পাড়ে বিশাল এলাকা দেশের নানা স্থান থেকে আসা দর্শনার্থীদের ভিড়ে মুখরিত।
বিকেলের দিকে আখড়াবাড়িতে মানুষের পদচারণা জনস্রোতে পরিণত হয়। আখড়াবাড়ির দুই দিকের সড়কের জনস্রোত মিলিত হচ্ছে কালী নদীর পাড়ে। গান শুনতে ও মেলা দেখতেই তাঁদের পদচারণা। আর রাত যত বাড়ে, মানুষের সমাগম তত বাড়তে থাকে। গানের শ্রোতাও বাড়তে থাকে। যাঁরা প্রথম দিন আসতে পারেননি, সেসব অনুসারী-ভক্ত ভবের হাটে শায়িত সাঁইজিকে শ্রদ্ধা নিবেদন করছেন।
ফরিদপুর থেকে আসা এক সাধু বললেন, মানবতার জন্য এই ধামে আসা। কিন্তু সেই মানবতা আজ দেশে নেই। মানুষ মানুষকে জবাই করে হত্যা করছে। এটা মানবতা হতে পারে না।
লালন আখড়াবাড়ির পাশেই ‘নবপ্রাণ আন্দোলন’-এর আয়োজনে সংগঠনের শিশু-কিশোর ও তরুণ শিল্পীরা লালন সাঁইজির গান করেছেন।
গতকাল সন্ধ্যায় লালন একাডেমির আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-৪ আসনের সাংসদ আবদুর রউফ। আলোচক ছিলেন লালন-গবেষক লালিম হক। লালিম হক তাঁর বক্তব্যে বলেন, লালনের আদর্শ ও তাঁর মর্মবাণী আজ বড়ই প্রয়োজন। একমাত্র লালনের বাণীই পারে দেশে হিংসা-বিদ্বেষ-হানাহানি দূর করতে।
আলোচনা শেষে রাতভর চলে লালন একাডেমির শিল্পী ও বাউলদের গান। বাউলদের পরিবেশিত সাঁইজির গানের মরমি সুরে মুগ্ধ হন ছেঁউড়িয়ায় আসা অগণিত শ্রোতা ও অনুরাগী। অনুষ্ঠানটি স্থানীয় কেব্ল চ্যানেল স্যাট কমিউনিকেশনের মাধ্যমে রাজবাড়ী, কুষ্টিয়া ও মেহেরপুর জেলায় সম্প্রচার করা হচ্ছে।
এদিকে বিকেল থেকে আখড়াবাড়ি চত্বরে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বেড়ে যায়। আখড়াবাড়ির বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বাড়তি সিসি ক্যামেরা লাগাতে দেখা যায়।
এ ব্যাপারে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার আবু বকর সিদ্দীক বলেন, প্রতিদিন লাখ লাখ মানুষের সমাগম হচ্ছে। তাঁদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশ সতর্ক অবস্থান নিয়েছে।