লালপুরে নিষেধাজ্ঞায় স্থগিত বর্তমান ও সাবেক সাংসদের ডাকা সম্মেলন

১৪৪ ধারা জারি করায় আজ বুধবার নাটোরের লালপুর উপজেলার রামপাড়া স্কুল অ্যান্ড কলেজ মাঠ থেকে মঞ্চ ও প্যান্ডেল সরাতে শুরু করেছেন কর্মীরাছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৪৪ ধারা জারি করায় আজ বুধবার নাটোরের লালপুর উপজেলার রামপাড়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের পূর্বনির্ধারিত ত্রিবার্ষিক সম্মেলন স্থগিত করা হয়েছে। সকাল থেকে কর্মীরা মঞ্চ ও প্যান্ডেল ভাঙতে শুরু করেছেন। এ ঘটনার জন্য বর্তমান ও সাবেক সাংসদ পরস্পরকে দায়ী করছেন।

গতকাল মঙ্গলবার রাত আটটায় লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মুল বানীন দ্যুতি দুড়দুড়িয়া ইউনিয়নে সব ধরনের সভা–সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেন। রাতেই পুলিশ এ ব্যাপারে মাইকে প্রচার চালায়। ফলে রামপাড়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের পূর্বনির্ধারিত ত্রিবার্ষিক সম্মেলন আর হচ্ছে না।

সম্মেলন না হওয়া ও ১৪৪ ধারা জারির জন্য নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের বর্তমান সাংসদ শহিদুল ইসলাম ও সাবেক সাংসদ আবুল কালাম আজাদ পরস্পরকে দায়ী করছেন। সাংসদ শহিদুল ইসলামের দাবি, ওই ইউনিয়নে এখনো ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়নি। এ অবস্থায় উপজেলা আওয়ামী লীগের নির্দেশে আবদুল হান্নান সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনের আয়োজন করেন। কেন্দ্রের নির্দেশনা থাকা সত্ত্বেও এ ব্যাপারে তাঁর সঙ্গে পরামর্শ করা হয়নি। প্রধান অতিথি করা হয়েছে একজন সাবেক সাংসদকে। তিনি বলেন, স্থানীয় প্রশাসন জনস্বার্থে ১৪৪ ধারা জারি করে ঠিক কাজটিই করেছে।

তবে সাবেক সাংসদ আবুল কালাম আজাদ ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসাহাক আলী সম্মেলন অনুষ্ঠিত না হওয়া ও ১৪৪ ধারা জারি করার জন্য বর্তমান সাংসদের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন। ইসাহাক আলী বলেন, দুড়দুড়িয়া ইউনিয়নে ওয়ার্ড কমিটির মেয়াদ এখনো শেষ হয়নি। তাই নতুন করে ওয়ার্ড কমিটি করার প্রয়োজন নেই। ইউনিয়ন কমিটিতে সাংসদের লোকজন স্থান পাবেন না এমন আশঙ্কা থেকেই সম্মেলন পণ্ড করা হয়েছে।

রামপাড়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে আজ বুধবার সকালে ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন ডাকেন ওই ইউনিয়নের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ আবুল কালাম আজাদের অনুসারী আবদুল হান্নান। সম্মেলন উপলক্ষে মাঠে বিশাল প্যান্ডেল ও মঞ্চ নির্মাণ করা হয়। আজকের সম্মেলনে আবুল কালাম আজাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। তবে সম্মেলন অনুষ্ঠানের মাত্র এক দিন আগে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান সাংসদ শহিদুল ইসলামের অনুসারী নায়েব উদ্দিন মালিথা একই স্থানে ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনের ডাক দেন।

ইউএনও উম্মুল বানীন দ্যুতি বলেন, রাজনৈতিক নেতা–কর্মী ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি ১৪৪ ধারা জারি করেছেন।