লালপুরে পদ্মার ১৫ কেজির বোয়াল ২১ হাজার টাকায় বিক্রি
নাটোরের লালপুর উপজেলার লালপুর মাছ বাজারে ১৫ কেজি ওজনের পদ্মা নদীর একটি বোয়াল মাছ নিয়ে আসেন লালন আলী (২৮) নামের এক জেলে। পরে বোয়াল মাছটি ২১ হাজার ২৫ টাকায় বিক্রি হয়।
আজ বৃহস্পতিবার সকালে ওই জেলে মাছটি লালপুর বাজারে নিয়ে এলে উৎসুক জনতার ভিড় জমে যায়। ডজনখানেক ক্রেতা মাছটি কেনার জন্য দাম হাঁকেন। তাঁদের মধ্যে আসিরুল ইসলাম নামের স্থানীয় এক আড়তদার বোয়াল মাছটি কিনে নেন।
লালপুর মাছ বাজারের কয়েকজন ব্যবসায়ী ও জেলে লালন আলীর সঙ্গে কথা বলে জানা যায়, আজ ভোরে কুষ্টিয়া জেলার রাইটা ঘাট এলাকায় পদ্মা নদীতে জাল ফেলে অপেক্ষা করছিলেন লালন আলী। ঘণ্টাখানেক পর তাঁর জালে ধরা পড়ে বোয়াল মাছটি। এরপর তিনি বোয়ালটি লালপুর মাছ বাজারে বিক্রির জন্য নিয়ে আসেন। এ সময় মাছটি একনজর দেখার জন্য উৎসুক জনতা ভিড় করেন। কিনতে না পারলেও অনেকেই মাছটি বিক্রি হওয়া পর্যন্ত সেখানে দাঁড়িয়ে থাকেন। এক মাছ বিক্রেতা প্রথমে দুই হাজার টাকা কেজি দরে দাম হাঁকেন। তবে শেষ পর্যন্ত স্থানীয় আড়তদার আসিরুল ইসলাম মাছটি ২১ হাজার ২৫ টাকায় কিনে নেন।
লালন আলী প্রথম আলোকে বলেন, কয়েক দিন ধরে তাঁর জালে মাছ উঠছিল না। এ জন্য তিনি সংসার চালানো নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। সৃষ্টিকর্তা তাঁকে কৃপা করেছেন বলে এ সময় তিনি শুকরিয়া আদায় করেন।
মাছটির ক্রেতা আসিরুল ইসলাম বলেন, বোয়াল মাছটি তিনি প্রায় ১ হাজার ৫০০ টাকা কেজি দরে কিনেছেন। এখন দুই হাজার টাকা কেজি দরে বিক্রি করতে পারবেন বলে আশা করছেন।