লালপুরের কৃষক হত্যা মামলার ১২ আসামির আত্মসমর্পণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপরাধ
প্রতীকী ছবি

নাটোরের লালপুরে সরকারি দিঘির নিয়ন্ত্রণকে কেন্দ্র করে কৃষক মখলেছুর রহমান (৪০) হত্যা মামলার ১২ জন আসামি আদালতে আত্মসমর্পণ করেছেন। আজ বৃহস্পতিবার আইনজীবীর মাধ্যমে আসামিরা লালপুর আমলি আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন। পরে তাঁদের জামিনের আবেদন করা হলেও আদালত জামিন নামঞ্জুর করে তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

আত্মসমর্পণ করা আসামিরা হলেন মোয়াজ্জেম হোসেন (৪৫), মো. জালাল (৪৫), মো. আলা (৫৫), মো. ফরিদ (২৮), মো. এলা (২৮), মো. সুইট (২৫), মো. নিজাম (৩৮), মো. কালাম (৫৫), মো. হেলাল (৩৮), মো. আলাল (৪৫), মো. মিলন (৩৫) ও মো. দুলাল (৫৫)।

লালপুর আমলি আদালতের জিআরও বেলাল হোসেন জানান, শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান মাহমুদ আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করেন। পরে তাঁদের জেলা কারাগারে পাঠানো হয়।

স্থানীয় সূত্র জানায়, সরকারি ওই দিঘির নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের বিবাদ মীমাংসার উদ্যোগ নেয় পুলিশ। এর মধ্যেই ২৯ অক্টোবর ভোরে হামলায় মখলেছুর রহমান নিহত হন। ময়নাতদন্ত শেষে পরদিন দুপুরে ঈশ্বরপাড়া গ্রামে মখলেছুর রহমানের লাশ দাফন করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী মরিয়ম বেগম বাদী হয়ে ৩৭ জনসহ অজ্ঞাতনামা ১৫ জনের নামে লালপুর থানায় একটি হত্যা মামলা করেন।