লালপুরের দুড়দুড়িয়ায় আওয়ামী লীগের সম্মেলনে ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একই স্থানে আওয়ামী লীগের দুটি পক্ষ সম্মেলন করার ঘোষণা দেওয়ায় নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের রামপাড়া স্কুল অ্যান্ড কলেজের মাঠসহ ইউনিয়নে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। সব ধরনের সভা–সমাবেশ নিষিদ্ধ করে আজ মঙ্গলবার রাতে এ ব্যাপারে মাইকিং করেছে পুলিশ।

লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলা আওয়ামী লীগ বুধবার রামপাড়া স্কুল অ্যান্ড কলেজের মাঠে দুড়দুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন আয়োজন করার ঘোষণা দেয়। একই স্থানে ওই ইউনিয়ন আওয়ামী লীগের নেতারা ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের ডাক দেন। উভয়পক্ষ লিখিতভাবে বিষয়টি লালপুর থানায় জানায়। আজ সন্ধ্যায় পুলিশ বিষয়টি ইউএনওকে জানায়। ইউএনও জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে রাত ৮টার দিকে সম্মেলনস্থলে ১৪৪ ধারা জারি করেন। পুলিশ রাত আটটার পর মাইকিং শুরু করে।

এ সম্পর্কে ইউএনও উম্মুল বানীন বলেন, ‘একই স্থানে আওয়ামী লীগের দুটি পক্ষ সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়ায় সেখানে আইনশৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। শান্তি বজায় রাখার স্বার্থে ১৪৪ ধারা জারি করেছি।’ই

রামপাড়া স্কুল অ্যান্ড কলেজের মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে মঞ্চ নির্মাণ করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসাহাক আলী বলেন, জেলা আওয়ামী লীগের নির্দেশে তাঁরা সম্মেলনের আয়োজন করেছিলেন। সোমবার রাতে হঠাৎ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওই স্থানে ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনের ডাক দেন।

এ সম্পর্কে দুড়দুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নায়েব উদ্দিন মালিথা বলেন, তিনি অসুস্থ। তেমন একটা চলাফেরা করতে পারেন না। ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কিছু নেতা-কর্মী বুধবার সকালে রাধাকান্তপুর স্কুল অ্যান্ড কলেজের মাঠে ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠানের দাবি জানান। ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন না করে ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠান করা যাবে না বলে তাঁরা দাবি করেন। তখন তিনি এ বিষয়ে থানায় চিঠি দেন।