লালবাগ কেল্লায় ফ্রি ওয়াই-ফাই জোনের উদ্বোধন
পুরান ঢাকার লালবাগ কেল্লায় ফ্রি ওয়াই-ফাই জোনের উদ্বোধন করা হয়েছে। এই ওয়াই-ফাই ব্যবহার কারতে পাসওয়ার্ড লাগবে না।
গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন এ জোনের উদ্বোধন করেন। ডিএসসিসি ও বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড যৌথভাবে এ ফ্রি ওয়াই-ফাই চালু করছে। উদ্বোধনী অনুষ্ঠানে সাঈদ খোকন বলেন, প্রাথমিকভাবে ডিএসসিসির ৫০টি গুরুত্বপূর্ণ স্থানে ফ্রি ওয়াই-ফাই জোন করা হবে। পর্যায়ক্রমে প্রতিটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ফ্রি ওয়াই-ফাই চালু করা হবে। আগামী ছয় মাসের মধ্যে তা সম্পন্ন করা হবে।
ডিএসসিসির ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেলোয়ার হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফকরুদ্দিন আহমদ, ডিএসসিসির ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হুমায়ুন কবির, ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোশাররফ হোসেন, ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসিবুর রহমান প্রমুখ বক্তব্য দেন।