লালমনিরহাট জেলা জাপার আহ্বায়ক কমিটির সদস্যকে বহিষ্কার
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে লালমনিরহাট জেলা জাতীয় পার্টির (জাপা) আহ্বায়ক কমিটির সদস্য আছির হককে দলের সব পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও লালমনিরহাট-৩ সদর আসনের সাংসদ জি এম কাদের।
গতকাল বৃহস্পতিবার রাতে এ-সংক্রান্ত একটি প্রেস বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এতে বার্তা প্রেরক হিসেবে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক-২ এম এ রাজ্জাকের নাম উল্লেখ রয়েছে।
জেলা জাপার আহ্বায়ক শেরিফা কাদের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আছির হক দলের সিদ্ধান্তের বাইরে সক্রিয় ইন্ধন, গ্রুপিং ও ষড়যন্ত্র করে জেলা কমিটির মধ্যে বিভাজন সৃষ্টি করেছেন। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এ কারণে জেলা জাপার কমিটির আহ্বায়ক শেরিফা কাদের ও সদস্যসচিব জাহিদ হাসানের সুপারিশে দলটির চেয়ারম্যান জি এম কাদের আছির হককে স্থায়ীভাবে বহিষ্কার করেন।
জানতে চাইলে আছির হক বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি দেখার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছি। আমি আইন পেশায় যুক্ত আছি। পাশাপাশি জাতীয় পার্টির রাজনীতি করতাম। এখন সেই সংগঠন থেকে আমাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো। আমি আর রাজনীতি করতে ইচ্ছুক নই, কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হব না।’