লালমনিরহাট পৌরসভায় শনিবার থেকে কঠোর বিধিনিষেধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাট জেলার মানচিত্র

করোনায় মৃত্যু ও সংক্রমণ বেড়ে যাওয়ায় লালমনিরহাট পৌরসভায় আগামীকাল শনিবার সকাল ৬টা থেকে ২ জুলাই রাত ১২টা পর্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসক মো. আবু জাফর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কঠোর বিধিনিষেধ চলাকালে লালমনিরহাট পৌরসভার নয়টি ওয়ার্ডে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে যেতে পারবেন না। পৌর এলাকার সব ধরনের অফিস, আদালত, শপিং মল, মার্কেট, দোকানপাট, রেস্টুরেন্ট, পর্যটনস্থল, বিনোদনকেন্দ্র, কমিউনিটি সেন্টার ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। সেই সঙ্গে এনজিওর ঋণের কিস্তি আদায় কার্যক্রম, সব ধরনের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠান এবং গণজমায়েত বন্ধ রাখতে হবে। তবে স্বাস্থ্যবিধি মেনে ওষুধের দোকান, কাঁচাবাজার ও মুদিদোকান খোলা থাকবে।

জেলা প্রশাসক আবু জাফর বলেন, হঠাৎ লালমনিরহাট পৌরসভা এলাকায় করোনা সংক্রমণে মৃত্যুর ঘটনা বেড়ে গেছে। স্বাস্থ্যবিধি মানতে মানুষের মধ্যে উদাসীনতা দেখা যাচ্ছে। এ অবস্থায় জনস্বার্থে ও জনস্বাস্থ্য সুরক্ষায় কাল সকাল থেকে ২ জুলাই পর্যন্ত লালমনিরহাট পৌর এলাকায় কঠোর বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেউ এ বিধিনিষেধ অমান্য করলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম বলেন, কঠোর বিধিনিষেধ মেনে চলতে হবে। এ ছাড়া পৌরবাসীকে করোনার সংক্রমণ ও মৃত্যু থেকে রক্ষা করার আর কোনো সহজ উপায় দেখা যাচ্ছে না।