লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার লোহাকুচি সীমান্তে গত বুধবার রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবু সায়েম ওরফে জাম্বু মিয়া (৩৫) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন।
নিহত আবু সায়েমের বাড়ি লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের তালুকদুলালী গ্রামে। তাঁর বাবার নাম সোহরাব হোসেন।
পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা যায়, আবু সায়েম লোহাকুচি সীমান্ত দিয়ে গরু আনার জন্য ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার চামটা বাবুরহাট এলাকায় গিয়েছিলেন। বুধবার গভীর রাতে গরু নিয়ে ফেরার সময় সীমান্তের ৯১৭ মেইন পিলারের ৮ নম্বর সাবপিলার-সংলগ্ন এলাকায় বিএসএফ সদস্যরা তাঁকে গুলি করেন। এতে তাঁর কাঁধে এবং পায়ে গুলি লাগে। গুলিবিদ্ধ অবস্থায় তিনি কিছু দূর আসার পর অতিরিক্ত রক্তক্ষরণে মারা যান। খবর পেয়ে এলাকাবাসীর সহায়তায় পরিবারের সদস্যরা লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহম্মেদ বজলুর রহমান হায়াতি বলেন, এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফের স্থানীয় চামটা ক্যাম্পে চিঠি পাঠানো হয়। এরপর গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে লোহাকুচি সীমান্তের বনচৌকি পয়েন্টে চামটা বিএসএফ কোম্পানি এবং মোগলহাট বিজিবি কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফের পক্ষ থেকে দাবি করা হয়, তারা কোনো বাংলাদেশিকে গুলি করেনি।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুস সোবহান বলেন, খবর পেয়ে আবু সায়েমের বাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করে গতকাল দুপুরে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় আদিতমারী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।