লালমনিরহাটে কৃষককে কুপিয়ে হত্যা
লালমনিরহাটের হাতীবান্ধায় এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাত সাড়ে আটটায় উপজেলার গড্ডিমারী ইউনিয়নের ২ নম্বর দোয়ানী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ওই কৃষকের নাম আবদুল মালেক (৪৫)। তিনি উপজেলার গড্ডিমারী ইউনিয়নের ২ নম্বর দোয়ানী গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, গতকাল রাতে গরমের কারণে বাড়ির সামনে উঠানের একটি ঘরে আবদুল মালেক একা বসে ছিলেন। এ সময় দুর্বৃত্তরা অতর্কিতে হামলা চালিয়ে মাথার পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে কোপ দিলে ঘটনাস্থলে তিনি নিহত হন। পরে পরিবারের লোকজন বাড়ির বাইরে বের হয়ে রক্তাক্ত অবস্থায় আবদুল মালেকের লাশ পড়ে থাকতে দেখেন। পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর লাশ উদ্ধার করে।
নিহত ব্যক্তির শ্যালক সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন ধরে ওই গ্রামের স্থানীয় কয়েকজনের সঙ্গে আবদুল মালেকের বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে মামলাও ছিল। জমিসংক্রান্ত বিরোধের জেরেই কেউ তাঁকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এরশাদুল আলম ঘটনার বলেন, হত্যাকাণ্ডের বিষয়টি তদন্ত করা হচ্ছে।
লালমনিরহাটে সিনিয়র সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) তাপস সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহত ব্যক্তির পরিবারের সঙ্গে কথা বলে হত্যার কারণ উদ্ঘাটনের চেষ্টা করা হচ্ছে।