লালমনিরহাটে চ্যাম্পিয়ন দলকে সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৬–এ চ্যাম্পিয়ন দলকে গতকাল সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা শেষে লালমনিরহাট সার্কিট হাউস চত্বরে ফটোসেশন করে তারা l ছবি: প্রথম আলো
বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৬–এ চ্যাম্পিয়ন দলকে গতকাল সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা শেষে লালমনিরহাট সার্কিট হাউস চত্বরে ফটোসেশন করে তারা l ছবি: প্রথম আলো

বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৬-এ জাতীয় চ্যাম্পিয়ন টেপুরগাড়ী বি কে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দলকে গতকাল রোববার বিকেলে সংবর্ধনা দেওয়া হয়। লালমনিরহাট জেলা প্রশাসনের উদ্যোগে সার্কিট হাউসের সম্মেলনকক্ষে ওই সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনায় চ্যাম্পিয়ন দলের সদস্য, টিম ম্যানেজার, কোচসহ প্রত্যেকের হাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে মেডেল, স্যুভেনির, জেলা পরিষদের পক্ষ থেকে এক হাজার টাকা করে প্রাইজবন্ড, মহাবিদ্যালয়গুলোর অধ্যক্ষদের পক্ষ থেকে এক হাজার করে টাকা, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গিফট-সামগ্রী তুলে দেওয়া হয়।
জেলা প্রশাসক আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খানের সভাপতিত্বে সংবর্ধনায় বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজাউল আলম সরকার, পুলিশ সুপার এস এম রশিদুল হক, ক্যাপ্টেন (অব.) আজিজুল হক (বীর প্রতিক), জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নবেজ উদ্দিন সরকার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, অধ্যক্ষ এন্তাজুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ফুটবল টিমের ম্যানেজার আবদুর রশিদ বলেন, এই বিদ্যালয়ের ছাত্রীরা পরপর চারবার জেলায় চ্যাম্পিয়ন, পরপর দুবার বিভাগীয় চ্যাম্পিয়ন এবং এবার জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। এরপরও বিদ্যালয়টির নিজস্ব খেলার মাঠ নেই। শিক্ষার্থী ও অভিভাবকদের আগ্রহ বিবেচনা করে চার-পাঁচ বছর ধরে এই বিদ্যালয়ের দেড় কিলোমিটার দূরে অবস্থিত অন্য একটি বিদ্যালয়ের খেলার মাঠে নিয়মিত ফুটবল খেলা চর্চা করে এই সাফল্য এসেছে। বিদ্যালয় লাগোয়া যে জমি আছে, তা কেনা সম্ভব হলে সাফল্যের এ ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হবে। তিনি সবাইকে ওই জমির মালিককে বুঝিয়ে জমিটি বিদ্যালয়ের অনুকূলে বিক্রিতে রাজি করানোর ব্যবস্থা নিতে অনুরোধ করেন।
জেলা পরিষদ চেয়ারম্যান মো. মতিয়ার রহমান বলেন, ‘আমি জেলা পরিষদের তহবিল থেকে দুই লাখ টাকা আর্থিক অনুদানের ঘোষণা দিচ্ছি।’
সংবর্ধনা অনুষ্ঠানের আগে সকালে ঢাকা থেকে লালমনি এক্সপ্রেসে রেলপথে ছাত্রীদের ফুটবল চ্যাম্পিয়ন দলের সদস্যরা লালমনিরহাট রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে নামলে তাদের জেলা প্রশাসন, জেলা পরিষদ, পুলিশ প্রশাসন, প্রাথমিক শিক্ষা বিভাগ, জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।