সেতুর নিচ থেকে শিকলে বাঁধা বস্তাবন্দী কলেজছাত্র উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উদ্ধার কলেজছাত্র জাহিদ হাসান। বৃহস্পতিবার বিকেলে লালমনিরহাট সদর হাসপাতালে
ছবি: প্রথম আলো

লালমনিরহাট সদরের খুনিয়াগাছ ইউনিয়নে এক কলেজছাত্রের (১৭) পা শিকল দিয়ে বেঁধে বস্তাবন্দী করে ফেলে দেওয়ার ঘটনা ঘটেছে। ওই শিক্ষার্থীর নাম জাহিদ হাসান (১৭)। ওই এলাকার সতী নদীর ওপর নির্মিত ত্রিমোহনী সেতুর নিচ থেকে আজ বৃহস্পতিবার সকাল সাতটার দিকে তাকে উদ্ধার করে পুলিশ। এ সময় বস্তার ভেতরে তার পায়ে বাঁধা শিকল তালাবদ্ধ ছিল। পরে পুলিশ তাকে হাসপাতালে ভর্তি করেছে।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম ঘটনাটি নিশ্চিত করে বলেন, ঘটনার তদন্ত চলছে। জাহিদ বর্তমানে লালমনিরহাট সদর হাসপাতালের তৃতীয় তলায় মেডিসিন ওয়ার্ডের ৪৪ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছে। সে লালমনিরহাট সদরের রাজপুর ইউনিয়নের হুদুর বাজার এলাকার মৃত আবু বক্করের ছেলে। সে লালমনিরহাট শহরের শেখ সফি উদ্দিন কমার্স কলেজে একাদশ শ্রেণিতে পড়ছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ সকাল ছয়টার দিকে আদিতমারীর সরল খাঁ উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কার্তিক কুমার আচার্য্য ত্রিমোহনী সেতু এলাকায় আরও কয়েকজনের সঙ্গে হাঁটতে বেরিয়েছিলেন। এ সময় তিনি দেখতে পান, সেতুর নিচে অল্প পানিতে বস্তার ভেতরে একজন পড়ে আছে। তিনি বিষয়টি দ্রুত মুঠোফোনে পুলিশকে জানান। পুলিশ এসে ওই কিশোরকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে।

উদ্ধার হওয়া শিক্ষার্থী জাহিদ হাসান বলে, মুঠোফোন নিয়ে যাদের সঙ্গে দ্বন্দ্ব-বিবাদ ছিল, তারাই গতকাল বুধবার রাতে তাকে আটক করে এ অবস্থা করেছে।

কার্তিক কুমার আচার্য্য প্রথম আলোকে বলেন, ‘সকাল ছয়টার দিকে মর্নিং ওয়াক করার সময় আমি দেখতে পাই, কয়েকজন ছেলে ত্রিমোহনী ব্রিজের ওপর জটলা করে চিৎকার করছে। তারা ব্রিজের নিচে অল্প পানিতে বস্তার ভেতরে একজনকে দেখতে পেয়ে চিৎকার করে তার নামপরিচয় জানতে চায়। ছেলেটি তার পরিচয় দিয়ে তাকে উদ্ধার করতে অনুরোধ করছে। আমি ঘটনাটি দেখে দ্রুত মুঠোফোনে পুলিশকে জানাই। পুলিশ এসে তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে।’

ওই শিক্ষক বলেন, ছেলেটিকে উদ্ধার করার সময় তার দুই পা শিকলে তালা দিয়ে বাঁধা অবস্থায় পাওয়া যায়। তার মাথার চুল পুরোটা কামানো ছিল। চুলগুলো পাশেই পাওয়া গেছে।

সংবাদ পেয়ে আদিতমারী থানার উপপরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন ত্রিমোহনী সেতু এলাকায় গিয়েছিলেন। তিনি প্রথম আলোকে বলেন, উদ্ধারের সময় ছেলেটি ভীতসন্ত্রস্ত ছিল। খুব আস্তে কথা বলছিল। ঘটনাস্থল থেকে চটের বস্তা, লোহার শিকল ও তালা আলামত হিসেবে উদ্ধার করে লালমনিরহাট সদর থানার এসআই মিজানের কাছে হস্তান্তর করা হয়েছে।

লালমনিরহাট সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) কামরুল হাসান সাংবাদিকদের বলেন, ওই কিশোরের শরীরে সম্ভবত চেতনানাশক ওষুধ ইনজেক্ট করা হয়েছে। তিনি বলেন, এখন তার অবস্থার উন্নতি হচ্ছে। তার আতঙ্কিত ভাব দূর করতে কাউন্সেলিং লাগবে।

উদ্ধার হওয়া শিক্ষার্থী জাহিদ হাসানের সঙ্গে কথা বলেছে প্রথম আলো। এ সময় তার মুখ থেকে গোঙানির আওয়াজ বেরোচ্ছিল। আধো আধো গলায় সে বলে, মুঠোফোন নিয়ে যাদের সঙ্গে দ্বন্দ্ব-বিবাদ ছিল, তারাই গতকাল বুধবার রাতে তাকে আটক করে এ অবস্থা করেছে। প্রথমে তারা তাকে একটি তামাকখেতে নিয়ে গিয়ে মারপিট করে, এরপর হাত-পা বেঁধে ইনজেকশন দেয়। এ পর্যন্তই তার মনে আছে। সে পুলিশকে বিস্তারিত তথ্য দিয়েছে।