লাশ দাফনের পরই হত্যাকারীদের ফাঁসির দাবিতে স্বজনদের মানববন্ধন

জমি নিয়ে সংঘর্ষের ঘটনায় নিহত তোয়াবুর রহমানের লাশ দাফন করে আজ বিকেলে হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেন স্বজনেরা।ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে সংঘর্ষের ঘটনায় নিহত ব্যক্তির লাশ দাফন করেই তাঁর হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন হয়েছে। এতে তাঁর স্বজন, এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
ঠাকুরগাঁও সদর উপজেলার হরিহরপুর গ্রামে তোয়াবুর রহমানের বাড়ির সামনে আজ সোমবার বিকেলে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে নিহত তোয়াবুর রহমানের স্ত্রী খায়রুমা বেগম, ছেলে সাব্বির হোসেন, ভাই ইউসুফ আলী, ভাতিজা আবির হোসেন, ভাগনে হাসান আলী বক্তব্য দেন।

সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের হরিহরপুর গ্রামের শহীদ হোসেনের (৫৮) সঙ্গে জমি নিয়ে দ্বন্দ্ব চলছিল। রোববার তাঁদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে তোয়াবুর রহমান নিহত হন। এ ঘটনায় তোয়াবুর রহমানের স্ত্রী খায়রুমা বেগম বাদী হয়ে আটজনের নাম উল্লেখ করে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা করেন। অভিযান চালিয়ে শহীদ হোসেনের স্ত্রী গলেনুর বেগম, মাহাবুব হোসেনের স্ত্রী আইরিন আক্তার, আলতাফুর রহমানের স্ত্রী ইয়াসমিন বেগম, আবুল কালাম আজাদের স্ত্রী উম্মে হানিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সোমবার বিকেলে ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। পরে বিকেল চারটার দিকে তাঁর লাশ দাফন করা হয়। লাশ দাফনের আধাঘন্টা পর তোয়াবুর রহমানের বাড়ির সামনে স্বজন ও এলাকাবাসীরা মানববন্ধন করেন।
মানববন্ধনে বক্তারা দাবি করেন, এ ঘটনার অনেক আগে থেকে তোয়াবুর রহমানকে হত্যার হুমকি দিয়ে আসছিলেন শহীদ হোসেনসহ তাঁর পরিবার। পুলিশ শহীদ হোসেনের পরিবারের চার নারীকে গ্রেপ্তার করলেও হোতাদের গ্রেপ্তার করতে পারেনি। মানববন্ধনে তোয়াবুর হত্যার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম জানান, তোয়াবুর হত্যার ঘটনায় মামলা দায়েরের পর চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলছে।