লাশের সঙ্গে শারীরিক সংসর্গের অভিযোগ ওঠায় লাশঘরে তালা

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের পাশে লাশঘরে আজ তালা ঝুলিয়ে দেওয়া হয়ছবি: প্রণব বল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগের পাশে পুলিশ বক্স–সংলগ্ন লাশঘরটি বন্ধ করে দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষ তাতে তালা ঝুলিয়ে দেয়। এখন থেকে জরুরি বিভাগের ভেতরের লাশঘরে মরদেহ রাখা হবে বলে কর্তৃপক্ষ জানায়।

অপমৃত্যু হওয়া এক নারী ও এক কিশোরীর মরদেহের সঙ্গে শারীরিক সংসর্গের অভিযোগে গত সোমবার এই লাশঘরের ‘পাহারাদার’ মো. সেলিমকে পুলিশ গ্রেপ্তার করে। এর পর থেকে লাশঘরে মরদেহের নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এ অবস্থায় আজ লাশঘরটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

এ বিষয়ে জানতে চাইলে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান প্রথম আলোকে বলেন, পুলিশ বক্স–সংলগ্ন লাশঘরটি বন্ধ থাকবে। এখন থেকে ওসেকের (ওয়ান–স্টপ ইমার্জেন্সি কেয়ার) বারান্দায় অপঘাতে মৃতদের মরদেহ রাখা হবে। ওখান থেকে পুলিশকে বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এরপর পুলিশ সুরতহাল করে, তা মর্গে নিয়ে যাবে।

জানা গেছে, ওসেক বা জরুরি বিভাগের পাশে পুলিশ বক্স–সংলগ্ন লাশঘরটি। ওখানে অপঘাতে মৃতদের প্রথমে নেওয়া হতো। সেখানে সুরতহাল করার পর, তা মর্গে পাঠানো হতো। সেলিম ছিলেন ওই লাশঘরের অঘোষিত পাহারাদার।

হাসপাতাল ও পুলিশ সূত্র জানায়, সেলিম মূলত লাশকাটা ঘর পাহারা দিতেন। তিনি গাড়ি থেকে লাশ ওঠানো-নামানোর কাজ করতেন। হাসপাতাল থেকে কোনো বেতন না পেলেও মৃত ব্যক্তিদের স্বজনের কাছ থেকে টাকা নিতেন।

আরও পড়ুন