লিচুবাগানের মধ্যে পড়ে ছিল ইজিবাইকচালকের লাশ
যশোরের বাঘারপাড়ায় আলামিন মোল্যা (২২) নামের এক ইজিবাইকচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে উপজেলার বুধোপুর গ্রামের বাঘারপাড়া-যশোর সড়কের পাশে একটি লিচুবাগান থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। আলামিন মোল্যা মাগুরার শালিখা উপজেলার হরিশপুর গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, আলামিন মোল্যা গত বুধবার সন্ধ্যায় মাগুরার সীমাখালী থেকে তিনজন যাত্রী নিয়ে যশোরের বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়া যাওয়ার পথে নিখোঁজ হন। তাঁর কোনো খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা ওই দিন মাগুরার শালিখা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এ ব্যাপারে এলাকায় মাইকিংও করেছিলেন তাঁর স্বজনেরা।
শুক্রবার দুপুরে ইজিবাইকটি উদ্ধার করে পুলিশ। তবে ইজিবাইকটি ব্যাটারি ছিল না। আজ দুপুরে লাশ উদ্ধার করা হয়েছে। লাশের মুখে একাধিক ক্ষতচিহ্ন রয়েছে।
গতকাল শুক্রবার দুপুরে যশোর সদর উপজেলার চাঁচড়া এলাকা থেকে তাঁর ব্যাটারিচালিত ইজিবাইকটি উদ্ধার করে চাঁচড়া ফাঁড়ির পুলিশ। তবে ইজিবাইকটি ব্যাটারি ছিল না। আজ দুপুরে তাঁর লাশ উদ্ধার করা হয়েছে। লাশের মুখে একাধিক ক্ষতচিহ্ন রয়েছে।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন বলেন, ইজিবাইকচালক আলামিন মোল্যার লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।