লিফট বন্ধ, দুর্ভোগে রোগী ও স্বজনেরা

  • সাততলার প্রসূতি ওয়ার্ড তিনতলায় নামানো হয়েছে। এতে ১৮ শয্যা থেকে ওয়ার্ডটি ১২ শয্যায় পরিণত হয়েছে।

  • সবচেয়ে কষ্টে পড়েছেন সাততলার অর্থোপেডিকস সার্জারি ওয়ার্ড ও সাধারণ ওয়ার্ডের রোগী-স্বজনেরা।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জ জেলার মানচিত্র

২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের দুটি লিফট প্রায় দুই মাস ধরে বন্ধ রয়েছে। রোগী ও স্বজনেরা পড়েছেন ভীষণ দুর্ভোগে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, নির্মাণকাজের জন্য লিফট বন্ধ রাখা হয়েছে। ভুক্তভোগীদের ভাষ্য, বিকল্প ব্যবস্থা না করে লিফট বন্ধ রেখে দুর্ভোগে ফেলা হয়েছে তাঁদের।

সম্প্রতি সরেজমিন দেখা যায়, লিফট বন্ধ থাকার কারণে সবচেয়ে কষ্টে পড়েছেন সাততলার অর্থোপেডিকস সার্জারি ওয়ার্ড ও সাধারণ ওয়ার্ডের রোগী-স্বজনেরা। সড়ক দুর্ঘটনায় আহত হয়ে সেখানে সদর উপজেলার বালিয়াডাঙ্গা এলাকার নাসিরুল ইসলাম ভর্তি রয়েছেন। তাঁর শ্যালক মো. হাবিবুল্লাহ প্রথম আলোকে বলেন, লিফট বন্ধ থাকায় নাসিরুলকে ছয়জন মিলে ওপরে তুলতে হয়েছে। অনেক কষ্ট হয়েছে।

হাসপাতালের নয়তলার কাজ চলছে। এরপর দশতলার কাজ হবে। কত দিন চলবে, তা জানা নেই।

কোমরে ব্যথা নিয়ে ভর্তি হয়েছেন সদর উপজেলার চর অনুপনগর গ্রামের মো. হেলাল (৮৫)। তাঁকেও অনেক কষ্ট করে সাততলায় উঠিয়েছেন বলে জানান তাঁর ছেলে মো. মাসুদ। তিনতলার প্রসূতি ওয়ার্ডে কথা হয় নাসরিন পারভিনের সঙ্গে। তিনি অন্তঃসত্ত্বা মেয়ে আলেয়া ফেরদৌসকে (৩৫) দেখিয়ে বলেন, ‘এমন অবস্থায় সিঁড়ি ভেঙে ওঠা খুবই কঠিন। আল্লাহকে ডাকতে ডাকতে উঠেছি।’

সিঁড়িতে দেখা যায়, দুজন মিলে অনেক কষ্টে সাততলায় তুলছেন এক রোগীকে। কথা বলে জানা যায়, রোগীর নাম দেলোয়ার হোসেন। তিনি সদর উপজেলার দেবিনগর ইউপির নরেন্দ্রপুর গ্রামের বাসিন্দা। একতলা পার হয়ে আর একতলায় উঠতে জিরিয়ে নিতে হয় রোগী ও তাঁর স্বজনদের।

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে সাততলার ওয়ার্ডে ভর্তি সদর উপজেলার আকুন্দবাড়িয়ার সাদেকুল ইসলামের মেয়ে খালেদা বেগম বলেন, ‘বাবাকে হাসপাতালে নিয়ে আসার সময় সঙ্গে ছিলাম তিনজন। সাততলায় তুলতে গিয়ে তিনজন লোককে ভাড়া করতে হয়েছে ২০০ টাকা দিয়ে।’ তিনি বলেন, লিফট বন্ধ থাকার সময়ে সাততলার রোগীদের ওঠানামায় সহযোগিতা করতে লোক নিয়োগ করা উচিত হাসপাতাল কর্তৃপক্ষের।

‘সিঁড়ি দিয়ে তুলতে কষ্ট এমন রোগী তো প্রায়ই আসছে। তাঁদের কষ্ট দেখে আমাদেরও কষ্ট লাগে’ বললেন অর্থোপেডিকস ওয়ার্ডে কর্মরত একজন জ্যেষ্ঠ সেবিকা। তিনি আরও বলেন, এ তলাতেই ছিল প্রসূতি ওয়ার্ড। তাঁদের কষ্ট ছিল আরও বেশি। পাঁচ-ছয় দিন আগে এ ওয়ার্ড তিনতলায় স্থানান্তর হয়েছে। ওঠানামা করতে কষ্ট হচ্ছে সেবিকা ও চিকিৎসকদেরও।

প্রসূতি ওয়ার্ডের সেবিকারা প্রথম আলোকে বলেন, সাততলার প্রসূতি ওয়ার্ডে ছিল ১৮টি শয্যা। কিন্তু তিনতলায় নেমে আসায় ১২ শয্যায় পরিণত হয়েছে এ ওয়ার্ড। স্থান সংকুলান হচ্ছে না। সমস্যা হচ্ছে।

সমস্যার বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক মাসুদ পারভেজ প্রথম আলোকে বলেন, ‘এ মুহূর্তে আমাদের করার কিছু নেই। হাসপাতালের নয়তলার কাজ চলছে। এরপর দশতলার কাজ হবে। কত দিন চলবে, তা জানা নেই। তবে গণপূর্ত বিভাগের প্রকৌশলীকে বলেছি যত দ্রুত সম্ভব লিফট যেন চালু হয়, সে ব্যবস্থা করতে।’