লিবিয়ার কারাগারে বাংলাদেশি তরুণের মৃত্যুর খবরে কাঁদছেন মা–বাবা
মহামারির কারণে থেমে গিয়েছিল পড়াশোনা। সংসারের হাল ধরতে হবে, সেই তাড়না থেকে যাত্রা শুরু করেন ইতালির উদ্দেশে। বাংলাদেশি বহু ভাগ্যাহত অভিবাসীর মতো সেই যাত্রাও কেবল দুঃখ আর হতাশা নিয়ে আছে পারভেজ হাওলাদারের (২১) জীবনে। লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার পথে দুবার আটক হন কোস্টগার্ডের হাতে। দ্বিতীয় দফা কারাবরণের সময় নির্যাতন আর খাবারের অভাবে তাঁর মৃত্যু হয়েছে বলে খবর এসেছে মা–বাবার কাছে। আদরের সন্তানকে এভাবে হারিয়ে ফেলার খবরে বারবার মূর্ছা যাচ্ছেন পারভেজের মা পান্না বেগম ও বাবা ইউনুস হাওলাদার।
পারভেজ হাওলাদারের বাড়ি শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার পুটিজুরি গ্রামে। ২০২১ সালের ২৭ মার্চ ইতালি যাওয়ার জন্য রওনা দিয়েছিলেন তিনি। সে সময় ভেদরগঞ্জের সরকারি এমএ রেজা ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন পারভেজ।
পারভেজের পরিবার ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, রফিকুল ইসলাম নামে নড়িয়া উপজেলার চামটা ইউনিয়নের গুলমাইজ গ্রামের এক ব্যক্তি লিবিয়া হয়ে অবৈধভাবে সমুদ্রপথে লোকজনকে ইতালি পাঠান। গত বছরের গোড়ার দিকে তাঁর সঙ্গে পারভেজের বাবা ইউনুস হাওলাদারের যোগাযোগ হয়। পারভেজকে ইতালি পাঠানোর জন্য রফিকুলের সঙ্গে ৮ লাখ টাকার চুক্তি করেন তিনি।
২৭ মার্চ পারভেজসহ একই গ্রামের সাব্বির হাওলাদার (২২), সাজনপুর গ্রামের হৃদয় হাওলাদার (২৩), নড়িয়ার পণ্ডিতসার গ্রামের সাদ্দাম হোসেন (২৪) ও আলী হোসেন (২২) লিবিয়ার উদ্দেশে বাড়ি ছাড়েন। এই তরুণেরা লিবিয়া পৌঁছালে তাঁদের সমুদ্রপথে ইতালি পাঠানোর চেষ্টা করেন দালাল রফিকুল ইসলাম। এ সময় কোস্টগার্ড তাঁদের আটক করে কারাগারে পাঠায়। সেখান থেকে ছাড়া পেয়ে ওই তরুণেরা কিছুদিন লিবিয়ার রাজধানী ত্রিপোলির একটি রেস্টুরেন্টে কাজ করেন। চলতি বছরের আগস্টে ফের নৌকায় করে তাঁদের ইতালি পাঠানোর চেষ্টা করেন রফিকুল। কিন্তু কোস্টগার্ডের হাতে ধরা খান তাঁরা। এরপর থেকে পাঁচ তরুণ ত্রিপোলির একটি কারাগারে ছিলেন। সম্প্রতি একটি কারাগার থেকে বের হন পণ্ডিতসার গ্রামের আলী হোসেন। গত সোমবার তিনি পারভেজের পরিবারকে ফোন করে জানান, ২৩ জানুয়ারি কারাগারে পারভেজ মারা গেছেন। পুলিশ তাঁর লাশ নিয়ে গেছে।
আজ বৃহস্পতিবার পুটিজুরি গ্রামে পারভেজদের বাড়িতে গিয়ে দেখা যায়, ছেলের মৃত্যু সংবাদে মা–বাবা অঝোরে কান্না করছেন। স্বজনেরা তাঁদের সান্ত্বনা দিচ্ছেন। মা পান্না বেগম ছেলের জন্য বিলাপ করছেন আর বারবার মূর্ছা যাচ্ছেন। বারবার বলছেন, ‘আমার বুকের ধন, সোনার মানিককে তোমরা এনে দাও। আমি আর কিছু চাই না, আমি আমার ছেলেকে চাই।’
পারভেজ হাওলাদারের বাবা ইউনুছ হাওলাদার প্রথম আলোকে বলেন, লিবিয়া যাওয়ার সময় রফিকের মনোনীত লোককে ৪ লাখ ২০ হাজার টাকা দেওয়া হয়েছে। লিবিয়া যাওয়ার পর আরও দুবার তাঁর কাছ থেকে টাকা নেয় রফিক। ৮ লাখ টাকা নেওয়ার কথা থাকলেও রফিক তাঁর কাছ থেকে সাড়ে ১০ লাখ টাকা নিয়েছেন। তবে এত টাকা নিলেও ছেলের বিষয়ে তেমন খোঁজখবর দেননি রফিক। রফিকের দৃষ্টান্তমূলক সাজার দাবি করেন তিনি। পাশাপাশি ছেলের সন্ধান পেতে প্রশাসনের সহায়তা চেয়েছেন ইউনুস হাওলাদার।
ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভির আল নাসিফ প্রথম আলোকে বলেন, এ বিষয়টি এখনো তাঁদের কেউ জানায়নি। ওই তরুণের পরিবারে পক্ষ থেকে যোগাযোগ করা হলে তাঁদের পাশে থাকবেন এবং ছেলেটির সন্ধান পেতে কাজ করবেন বলে জানান এই কর্মকর্তা।