লুঙ্গিতে করে সাতটি সোনার বার নিয়ে পালাচ্ছিলেন তিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে সাতটি সোনার বারসহ এক ব্যক্তি আটক
ছবি: সংগৃহীত

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সীমান্ত এলাকা থেকে সাতটি সোনার বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার সীমান্তবর্তী হাটপাড়া পদ্মা নদীর খেয়াঘাট থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম মোক্তার হোসেন (৪০)। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর রানীনগর ইউনিয়নের বকচর গ্রামের বাসিন্দা।

৫৩ বিজিবির চাঁপাইনবাবগঞ্জ কমান্ডার সুবেদার আইনুদ্দিন প্রথম আলোকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন, এক ব্যক্তি গোদাগাড়ী উপজেলার হাটপাড়া খেয়াঘাট দিয়ে সোনার বার নিয়ে ভারতে যাচ্ছেন। পরে নৌকা থেকে নামিয়ে ওই ব্যক্তিকে তল্লাশি করে সোনার বারগুলো পাওয়া যায়। পরনে থাকা লুঙ্গির ভাঁজের মধ্যে বারগুলো ছিল। যার ওজন ৭০ ভরি। সাতটি সোনার বারের আনুমানিক মূল্য সাড়ে ৫২ লাখ টাকা বলে দাবি করেন এই বিজিবি কর্মকর্তা।

আটক মুক্তার হোসেন সোনাগুলো ভারতে পাচারের জন্য নিয়ে যাচ্ছিলেন দাবি করে বিজিবি কমান্ডার আইনুদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে তিনি সোনা পাচারের সঙ্গে জড়িত। এ বিষয়ে তিনি প্রাথমিক স্বীকারোক্তি দিয়েছেন। তাঁকে গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলাও হয়েছে।