লেভেল ক্রসিংয়ে চেকার ইঞ্জিনের ধাক্কায় আহত ৩

উন্মুক্ত লেভেল ক্রসিং অতিক্রম করার সময় রেলের একটি চেকার ইঞ্জিন এসে সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। আহতদের মধ্যে একজন নারী আছেন।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশনসংলগ্ন একটি রেলক্রসিংয়ে চেকার ইঞ্জিনের ধাক্কায় যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা দুমড়েমুচড়ে গেছে। এতে ওই অটোরিকশায় থাকা তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন। বুধবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে এ ঘটনাটি ঘটে।

আহতরা হলেন কমলগঞ্জ সদর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের সঞ্জীৎ পাল (৫৫), রাহকান্দি গ্রামের নাসিমা আক্তার (৩৫) ও সরইবাড়ি গ্রামের মোহাম্মদ খলিল (৩৪)। আহতদের প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে নেওয়া হলে সেখান থেকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

কমলগঞ্জের শমশেরনগর রেলওয়ে স্টেশন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উন্মুক্ত লেভেল ক্রসিংটি অতিক্রম করার সময় রেলের একটি চেকার ইঞ্জিন এসে ধাক্কা দেয়। এ সময় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। পরে আশপাশের লোকজন এসে আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নেন।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শুকতারা অ্যানি জানান, আহতদের মধ্যে সঞ্জীৎ পালের অবস্থা আশঙ্কাজনক। শমশেরনগর রেলওয়ে স্টেশনের মাস্টার জামাল উদ্দীন বলেন, লেভেল ক্রসিংয়ে কোনো কর্মচারী নেই। ফলে এ স্থানটি বেশ ঝুঁকিপূর্ণ। ক্রসিংটি অতিক্রম করার সময় সতর্ক থাকা উচিত।