লোডশেডিংয়ে অতিষ্ঠ তিন জেলার মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘন ঘন বিদ্যুতের লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছে দিনাজপুর, পঞ্চগড় ও নীলফামারীবাসী। লোডশেডিংয়ের কারণে সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিপণিবিতানগুলো ঠিকমতো চলছে না। কলকারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে।
আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
দিনাজপুর: শহরের শিল্পপতি আবুল হোসেন পাটোয়ারী বলেন, ‘দুই মাস ধরে লোডশেডিং চলছে। হঠাৎ বিদ্যুতের আসা-যাওয়ার কারণে আমার তিনটি অটো রাইস মিল, দুটি ময়দার ও একটি ডাল কারখানার ছয়টি মোটর জ্বলে গেছে। বিদ্যুৎ-সংকটের কারণে কারখানায় উৎপাদন কমে গেছে।’ বাহাদুর বাজার এলাকার উত্তরা সুপার মার্কেটের মালিক এখলাসুর রহমান জানান, দিনে-রাতে বহুবার বিদ্যুৎ আসা-যাওয়া করছে। সারাক্ষণ জেনারেটর চালাতে হচ্ছে। জেনারেটর চালানোর কারণে মার্কেটে অসহনীয় শব্দ হচ্ছে।
দিনাজপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) তত্ত্বাবধায়ক প্রকৌশলী তৌহিদুল করিম বলেন, বর্তমানে শহরে ২৮ মেগাওয়াট এবং জেলায় ৭০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা আছে। কিন্তু উৎপাদন কম হওয়ায় জাতীয় গ্রিড থেকে সরবরাহ কম পাওয়া যাচ্ছে। কিছুদিন ধরে শহরে ২৮ মেগাওয়াট চাহিদার বিপরীতে ১৪ থেকে ১৬ এবং জেলায় ৭০ মেগাওয়াটের স্থলে ৩০ থেকে ৩৫ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে।
গত বুধবার বেলা ১১টায় এই প্রতিবেদক জেলা প্রশাসক কার্যালয়ে এক ঘণ্টা অবস্থানকালে দুই দফা বিদ্যুৎ চলে যায়। জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী প্রথম আলোকে বলেন, বিদ্যুতের ঘন ঘন আসা-যাওয়ার কারণে দাপ্তরিক কাজ করা কঠিন হয়ে পড়েছে। বারবার কম্পিউটার ও প্রিন্টার বন্ধ হয়ে যাচ্ছে। ঘর অন্ধকার হয়ে পড়ায় মানুষ নাগরিকসেবা নিতে এসে হয়রানির শিকার হচ্ছে।
দিনাজপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক শাহিন আকতার ও কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হাবিবুল ইসলাম বলেন, সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত প্রতিদিন বহুবার বিদ্যুৎ আসা-যাওয়া করছে। পাঠদানের সময় বিদ্যুৎ চলে গেলে অন্ধকারে পড়ানো যায় না। কাজে মনোযোগ দেওয়ার কোনো পরিবেশ থাকে না।
নীলফামারী: জেলায় দিনে বহুবার বিদ্যুৎ আসা-যাওয়া করায় এক লাখ পাঁচ হাজার গ্রাহক ভোগান্তিতে পড়েছে। জেলা শিল্প ও বণিক সমিতির সভাপতি আবদুল ওয়াহেদ সরকার বলেন, লোডশেডিংয়ের কারণে জনদুর্ভোগের পাশাপাশি শিল্প-কলকারখানায় উৎপাদনও ব্যাহত হচ্ছে।
নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক (জিএম) এনামুল হক প্রামাণিক বলেন, পল্লী বিদ্যুতের আওতায় ক্ষুদ্র ও মাঝারি কলকারখানাসহ জেলায় মোট ৭২ হাজার গ্রাহকের জন্য ২০ মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন। কিন্তু ১২ থেকে সাড়ে ১২ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। এদিকে মাঝেমধ্যে ঢাকা থেকে স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। এতে করে দিনে-রাতে গড়ে তিন থেকে সাড়ে তিন ঘণ্টা লোডশেডিং দিতে হচ্ছে।
নীলফামারী পিডিবির নির্বাহী প্রকৌশলী রুবেল আহম্মেদ বলেন, জেলার পাঁচ উপজেলায় (সৈয়দপুর উপজেলা বাদে) আবাসিক, বাণিজ্যিক ও কলকারখানা মিলে ৩৩ হাজার গ্রাহকের জন্য ১৮ মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন। তবে শনিবার পাওয়া গেছে মাত্র সাত মেগাওয়াট, যা প্রয়োজনের তুলনায় অনেক কম। এ কারণে লোডশেডিং করতে হয়। কখনো কখনো যান্ত্রিক ত্রুটি দেখা দেয় । এ ছাড়া লোড বেশি হলে ঢাকা থেকে স্বয়ংক্রিয়ভাবে সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। তাই লোডশেডিং একটু বেড়েছে। তিনি বলেন, গত পাঁচ দিনে ঢাকা থেকে সাতবার লাইন বন্ধ করা হয়।
পঞ্চগড়: জেলায় কয়েক দিন ধরে চাহিদার অর্ধেকেরও কম বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। বাধ্য হয়ে লোডশেডিং দেওয়া হচ্ছে। তবে গ্রাম থেকে শহরের অবস্থা করুণ। পঞ্চগড় পৌর এলাকা ও তেঁতুলিয়া উপজেলা পিডিবি এবং অন্য চার উপজেলা আরইবির অধীনে।
পঞ্চগড় পিডিবির নির্বাহী প্রকৌশলী মো. বেলালউদ্দিন জানান, দিনে আট মেগাওয়াট চাহিদা, পাওয়া যায় সাড়ে তিন থেকে চার মেগাওয়াট। রাতে চাহিদা ১০ মেগাওয়াট, পাওয়া যায় পাঁচ থেকে সাড়ে পাঁচ মেগাওয়াট। বাধ্য হয়ে পাঁচটি ফিডারে পর্যায়ক্রমে লোডশেডিং দিতে হয়। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) উপমহাব্যবস্থাপক মোবাশ্বের হোসেন জানান, চাহিদা ১৮ মেগাওয়াট, পাওয়া যায় ১৪-১৫ মেগাওয়াট।