লোহাগাড়ায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূর নাম ফাতেমা বেগম (২২)। তিনি লোহাগাড়ার সদর ইউনিয়নের সুখছড়িকুল এলাকার মোহাম্মদ শরীফ হোসেনের স্ত্রী। আজ শনিবার দুপুরে নিহত ব্যক্তির শ্বশুরবাড়ি থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত ফাতেমার স্বামীকে আটক করে থানা হেফাজতে নিয়েছে পুলিশ।

পুলিশ ও নিহত ফাতেমার বাবার বাড়ির লোকজন জানান, প্রায় আড়াই বছর আগে লোহাগাড়ার চুনতি ইউনিয়নের সাতগড় এলাকার মোহাম্মদ ইসমাইলের মেয়ে ফাতেমা বেগমের সঙ্গে একই উপজেলার সদর ইউনিয়নের সুখছড়িকুল এলাকার মোস্তাক আহম্মদের ছেলে ওমানপ্রবাসী মোহাম্মদ শরীফ হোসেনের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর শরীফ হোসেন ওমানে চলে যান। প্রায় এক বছর আগে তিনি দেশে ফিরে আসেন। এরপর করোনার কারণে শরীফ আর ওমানে ফিরে যেতে পারেননি।

গতকাল শুক্রবার রাতে শ্বশুরবাড়ির একটি কক্ষে শরীফ খাটের ওপর ও ফাতেমা মেঝেতে ঘুমিয়ে পড়েন। পরে আজ সকালে ফাতেমার বাড়িতে ফাতেমার মৃত্যুর সংবাদ পাঠানো হয়। এরপর ফাতেমার বাড়ির লোকজন এসে ফাতেমার গলায় দাগ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ফাতেমার বাবা মোহাম্মদ ইসমাইল অভিযোগ করে বলেন, ‘শ্বশুরবাড়ির লোকজন আমার মেয়েকে পরিকল্পিতভাবে শ্বাস রোধ করে হত্যা করেছেন। এরপর আমার মেয়ে মারা গেছে বলে তাঁরা আমাদের ফোন করে খবর দিয়েছেন। আমরা মেয়ের শ্বশুরবাড়িতে গিয়েই হত্যার বিষয়টি বুঝতে পেরেছি।’

এদিকে আটকের আগে নিহত ফাতেমার স্বামী শরীফ বলেন, তাঁরা দুজন একই কক্ষে ঘুমাচ্ছিলেন। সকালে ঘুম ভাঙার পর তিনি স্ত্রীকে অনেকবার ডাকাডাকি করেন। এতে কোনো সাড়া না পেয়ে তিনি পরিবারের লোকজনকে ডাকার পর বুঝতে পারেন তাঁর স্ত্রী মারা গেছেন। এরপর তিনি শ্বশুরবাড়িতে মৃত্যুর খবর পাঠান বলে জানান তিনি।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকারিয়া রহমান প্রথম আলোকে বলেন, ওই গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। গৃহবধূর গলায় দাগ দেখা গেছে। গৃহবধূর স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই গৃহবধূর সন্তান না হওয়ার বিষয় নিয়ে সংসারে সমস্যা চলছিল। এই সমস্যাকে কেন্দ্র করে গৃহবধূ আত্মহত্যা করে থাকতে পারেন। তবে ময়নাতদন্তের ফলাফল না পাওয়ার আগে এটি আত্মহত্যা না হত্যা, তা নিশ্চিত করে বলা যাবে না।