লোহাগাড়ায় গৃহবধূর লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের নাম মিনু আরা বেগম (২৫)। তিনি উপজেলার কলাউজান ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাংলাবাজার মিয়াজিপাড়া এলাকার আবদুল জব্বারের স্ত্রী। আজ শুক্রবার সকাল ১০টার দিকে মিনুর লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে মিনুর বাবার বাড়ির লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাঁর লাশ উদ্ধার করেন। মিনুর মা–বাবার অভিযোগ, মিনুর শ্বশুরবাড়ির লোকজন তাঁকে গলা টিপে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছেন। মিনুর বাপের বাড়ি বান্দরবানের লামার সরই ইউনিয়নের মেইচ্ছাঝিরি এলাকায়।
পুলিশ ও মিনুর পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় ছয় বছর আগে মিয়াজিপাড়ার মৃত আবুল কাসেমের ছেলে আবদুল জব্বারের সঙ্গে লামার মেইচ্ছাঝিরির আবুল হাসেমের মেয়ে মিনু আরা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী ও স্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে কলহ চলে আসছিল।
মিনুর মা নুরুন্নিছা বেগম প্রথম আলোকে জানান, গতকাল সন্ধ্যা ছয়টার দিকে মিনুর শ্বশুরবাড়ির লোকজন মুঠোফোনে জানান, মিনু বাড়ির ভেতর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এবং তাঁর লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। খবর পাওয়ার পরপর হাসপাতালে গিয়ে দেখেন, মেয়ের লাশ সেখানে পড়ে আছে। স্বামী বা শ্বশুরবাড়ির কেউই হাসপাতালে ছিলেন না।
নুরুন্নিছা বেগম অভিযোগ করে বলেন, ‘বিয়ের পর থেকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের জন্য আমার মেয়েকে নির্যাতন করে আসছিলেন। তাঁরা প্রায় সময় বিভিন্ন অজুহাতে আমার মেয়েকে মারধর করতেন। গতকাল বিকেলে তাঁরা আমার মেয়েকে গলা টিপে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছেন।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ হানিফ প্রথম আলোকে জানান, ওই গৃহবধূকে সন্ধ্যা ছয়টার দিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। চিকিৎসক তাঁকে মৃত ঘোষণার পরপরই তাঁর সঙ্গে আসা শ্বশুরবাড়ির লোকজনকে আর পাওয়া যায়নি।
এ বিষয়ে নিহতের স্বামী আবদুল জব্বারের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে, তা বন্ধ পাওয়া যায়।
স্থানীয় মহিলা ইউপি সদস্য বকুল আক্তার প্রথম আলোকে বলেন, ওই গৃহবধূ পরকীয়ায় জড়িত ছিলেন বলে বিভিন্ন সময় শোনা গেছে। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে স্বামী ও স্ত্রীর মধ্যে বিবাদ চলে আসছিল। এসব বিষয় নিয়ে স্থানীয়ভাবে সালিসও হয়েছে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ প্রথম আলোকে বলেন, আজ সকালে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ওই গৃহবধূর স্বামী পালিয়ে গেছেন। এটি হত্যা না আত্মহত্যা, সেটি ঘটনার তদন্ত ও ময়নাতদন্তের ফলাফল পাওয়ার পর জানা যাবে।