লোহাগাড়ায় ৬ ইটভাটাকে জরিমানা
আইন অমান্য করে ইট পোড়ানোর দায়ে চট্টগ্রামের লোহাগাড়ায় ৬টি ইটভাটাকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার দরবেশ হাট ও কলাউজান এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালিত হয়।
গতকাল অভিযান চলাকালে দরবেশ হাট এলাকার বিকেবি, এলবিডব্লিউ ও এসএসবি ইটভাটা এবং কলাউজান এলাকার এএনবি, ডিএমবি ও এমবিএম ইটভাটাকে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আহসান হাবিব ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নীলুফা ইয়াছমিন চৌধুরী।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লোহাগাড়া ইউএনও মো. আহসান হাবিব ও সহকারী কমিশনার (ভূমি) নীলুফা ইয়াছমিন চৌধুরী।
অভিযানের বিষয়ে লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নীলুফা ইয়াছমিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ইট প্রস্তুত আইন-২০১৩ অমান্য করে ইটভাটায় ফসলি জমির মাটি ব্যবহার, কাঠ পোড়ানো ও লাইসেন্স নবায়ন না থাকায় ৬ ইটভাটার মালিককে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান আরও চলবে।
এর আগে গত সোমবার ও গতকাল মঙ্গলবার উপজেলার বড়হাতিয়া, চরম্বা, লোহাগাড়া সদর ও আধুনগর এলাকায় আরও আটটি ইটভাটায় একই ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে সাত লাখ টাকা জরিমানা করা হয়েছে।