লোকালয়ে এল হরিণ, পাঠানো হলো সুন্দরবনে
বাগেরহাটের শরণখোলায় সুন্দরবন থেকে লোকালয়ে চলে আসা একটি চিত্রা হরিণ উদ্ধার করেছে বন বিভাগ। আজ বুধবার দুপুরে উপজেলার পশ্চিম রাজাপুর গ্রাম থেকে হরিণটিকে উদ্ধারের পর সেটি সুন্দরবনে অবমুক্ত করা হয়।
বন বিভাগ ও স্থানীয় লোকজন বলেন, গতকাল মঙ্গলবার রাতে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর ফরেস্ট স্টেশনের বন থেকে দুটি চিত্রা হরিণ মরা ভোলা নদী পেরিয়ে পশ্চিম রাজাপুর গ্রামে চলে আসে। আজ সকালে গ্রামবাসী মাঠে হরিণ দুটিকে ঘাস খেতে দেখেন।
পরে স্থানীয় লোকজন হরিণ দুটিকে ধরতে তাড়া করলে একটি হরিণ ভোলা নদী সাঁতরে আবারও সুন্দরবনে চলে যায়। অপর হরিণটি পশ্চিম রাজাপুর গ্রামের আলামিন হোসেনের বাড়ির পেছনে ঝোপের মধ্যে আশ্রয় নেয়। খবর পেয়ে ধানসাগর স্টেশনের বনরক্ষীরা সেখান থেকে হরিণটিকে উদ্ধার করে।
ধানসাগর ফরেস্ট স্টেশনের কর্মকর্তা মো. আবদুস সবুর বলেন, নদী সাঁতরে হরিণ দুটি গ্রামে চলে গিয়েছিল। একটি হরিণ মানুষের তাড়া খেয়ে বনে ফিরেছে। উদ্ধার হওয়া অপর হরিণটি আজ দুপুরে ধানসাগর স্টেশনের বনে অবমুক্ত করা হয়েছে। অন্য বন্য প্রাণীর তাড়া খেয়ে বা খাবারের সন্ধানে হরিণ দুটি লোকালয়ে চলে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।